যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। একই ঘটনায় পাশের আরেকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার কিছু পর ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে তিনতলা একটি ভবন ধসে পড়ে। বেডফোর্ড অ্যাভিনিউয়ের কাছাকাছি ঘটেছে এই ঘটনা।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। এ সময় পাশের ১৩২৩ নম্বর ভবনটির এক পাশও ভেঙে যায়। ধসে পড়া ভবনটিতে ঘটনার সময় বাসিন্দারা অবস্থান করছিলেন।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে পাশের ভবনটির সিঁড়িঘর ও অ্যাপার্টমেন্টের ভেতরের অংশ উন্মুক্ত হয়ে থাকতে দেখা গেছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবন দুটির পাশের একটি জায়গা খালি ছিল এবং সেখানে নির্মাণকাজ চলছিল। ধসে পড়া ভবন ও নির্মাণাধীন এলাকা থেকে বেশ কয়েকজন আটকা পড়েন। খবর পেয়ে ২৫০ জনের বেশি দমকলকর্মী ও জরুরি চিকিৎসাসেবাকর্মী ঘটনাস্থলে পৌঁছান। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিটো জানান, কাছাকাছি এলাকায় থাকা একটি দমকল দল ভবন ধসের এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর বলেন, ধসের এলাকায় এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ‘এটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং দ্রুত পরিবর্তনশীল একটি পরিস্থিতি। ধ্বংসস্তূপের বিপজ্জনক অংশ ও মাটির নিচে থাকা ঝুঁকিপূর্ণ ফাঁকা জায়গা পেরিয়ে উদ্ধারকাজ চালাতে হচ্ছে। এ ধরনের উদ্ধার অভিযানের জন্যই নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট প্রশিক্ষণ নিয়ে থাকে।’
দুর্ঘটনার কারণে ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ক্ল্যারেনডন রোড থেকে বেডফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। চালকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যানজট ও সড়ক বন্ধ থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
