আফগানিস্তানে পুরুষ চিকিৎসকের কাছে নারীদের চিকিৎসা নিষিদ্ধ

আফগানিস্তানে পুরুষ চিকিৎসকের কাছে নারীদের চিকিৎসা নিষিদ্ধ

ফন্ট সাইজ:

আফগানিস্তানে নারীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। দেশজুড়ে পুরুষ চিকিৎসকদের নারী রোগী দেখার ওপর অলিখিত নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ফলে নারী রোগীদের চিকিৎসা না দিয়ে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও অনেক নারী চিকিৎসাসেবা পাচ্ছেন না।
৩৭ বছর বয়সী ফরিদার (ছদ্মনাম) অভিজ্ঞতা এই সংকটের একটি উদাহরণ। এক রাতে তীব্র দাঁতের ব্যথায় ঘুম ভেঙে যায় তার। পরবর্তী কয়েক দিনে ব্যথা আরও বাড়তে থাকে।

তার ভাষায়, ‘বহু বছর ধরেই আমার দাঁত নষ্ট হয়ে গিয়েছিল। মুখের দুই পাশের পেছনের দাঁতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। রাতে ঘুমাতে পারতাম না, ঠিকমতো খেতেও পারতাম না।’
চলতি বছরের শুরুতে ইরান থেকে পরিবারের সঙ্গে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে ফিরে আসেন ফরিদা। জোরপূর্বক দেশে ফিরে আসা অনেক অভিবাসীর মতো তার পরিবারও কাজ ও আয়ের সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের কাছে যাওয়া তাদের জন্য বিলাসিতার মতো। কিন্তু অসহ্য ব্যথার কারণে জুলাইয়ের শুরুতে হেরাতের বকরাবাদ এলাকার একটি দন্তচিকিৎসা কেন্দ্রে যেতে বাধ্য হন তিনি।

চিকিৎসক পরীক্ষা করে জানান, তার কয়েকটি দাঁত তুলে ফেলে সেখানে ইমপ্লান্ট অথবা কৃত্রিম দাঁত বসাতে হবে। এ জন্য একাধিকবার ক্লিনিকে যেতে হবে এবং চিকিৎসার পুরো খরচ আগেই পরিশোধ করতে হবে বলে জানানো হয়। সেই অনুযায়ী চিকিৎসার পরিকল্পনাও তৈরি করে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।
কিন্তু তৃতীয় দফার চিকিৎসার সময়, যখন তার দাঁতে ইমপ্লান্ট বসানোর কথা, তখন তাকে বলা হয়, ‘এই মুহূর্তে আপনার চিকিৎসা করা সম্ভব নয়। বাড়ি চলে যান। কোনো সমস্যা হয়েছে। আমরা নিজেরাই আপনাকে ফোন করে জানাব।’
এরপর বাড়ি ফিরে যান ফরিদা। কিন্তু ঠিকমতো খেতে বা পান করতে পারছিলেন না। দুই দিন পর ক্লিনিকে ফোন করলে তাকে জানানো হয়, তার চিকিৎসা আর সম্পন্ন করা সম্ভব নয়।

ফরিদা বলেন, ‘মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে, পুরুষ দন্তচিকিৎসকরা আর নারী রোগীদের চিকিৎসা করতে পারবেন না। পরিস্থিতির পরিবর্তন হলে আমরা আপনাকে ফোন করব।’ তিন মাস পেরিয়ে গেলেও ফরিদার চিকিৎসা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নিষেধাজ্ঞা
পুরুষ দন্তচিকিৎসকদের নারী রোগী দেখার ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং দ্য গার্ডিয়ান ও জান টাইমসের সঙ্গে কথা বলা নারী ও চিকিৎসকদের সাক্ষাৎকারে জানা গেছে, কার্যত পুরো দেশেই এই নিষেধাজ্ঞা ছড়িয়ে পড়েছে।
দেশটির দন্তচিকিৎসকরা জানিয়েছেন, তালেবানের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এই নির্দেশ কার্যকর করছে। নারী রোগী পাওয়া গেলে পুরুষ চিকিৎসকদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর হুমকিও দেয়া হচ্ছে।

আফগানিস্তানের অধিকাংশ প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা না করার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি জরুরি চিকিৎসাসেবাও দিতে পারছেন না তারা। কিছু নির্দিষ্ট শর্তে কেবল চিকিৎসার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে নারী রোগীর সঙ্গে পুরুষ অভিভাবক বা মাহরাম থাকা কিংবা নির্দিষ্ট কিছু চিকিৎসা নারী নার্সের মাধ্যমে সম্পন্ন করা।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালে ১৫ বছর ধরে কর্মরত শল্যচিকিৎসক সামিম (ছদ্মনাম) বলেন, ‘আমরা নারী রোগীদের সরাসরি পরীক্ষা করতে পারি না। কারণ আমরা তাদের মাহরাম নই। চিকিৎসা যত সাধারণই হোক কিংবা রোগীর অবস্থা যত সংকটাপন্নই হোক, তাতে কোনো পার্থক্য নেই।’

নারীদের নাম ধরে ডাকাও নিষিদ্ধ!

দেশটিতে নারীদের ওপর বিধিনিষেধ আরোপের ঘটনা দিন দিন আরও অযৌক্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে। উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে নারী রোগীদের প্রকৃত নাম ধরে ডাকতেও কর্মকর্তাদের নিষেধ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে প্রদেশটির সব হাসপাতাল, বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও ক্লিনিককে নির্দেশ দেয়া হয়, নারী রোগীদের নামের পরিবর্তে ‘বিবি’ শব্দটি ব্যবহার করতে হবে। এমনকি চিকিৎসার ব্যবস্থাপত্রেও এই নির্দেশ মানার কথা বলা হয়েছে।

পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের বাসিন্দা রহিমা (ছদ্মনাম) জানান, তার এক বয়স্ক নারী আত্মীয়কে দাঁতের চিকিৎসার জন্য কয়েকশ মাইল পাড়ি দিয়ে কান্দাহার শহরে যেতে হয়েছিল। কারণ সেখানে তার ছেলে একটি দন্তচিকিৎসা কেন্দ্র পরিচালনা করেন।

ওই নারীর স্বামী তাকে বলেছিলেন, কুনার প্রদেশের সব চিকিৎসক তাকে চেনেন। ফলে কোনো পুরুষ দন্তচিকিৎসকের কাছে গেলে তা পরিবারের জন্য অসম্মানের কারণ হবে।

চিকিৎসক হওয়ার পথও বন্ধ নারীদের
নারীদের চিকিৎসা গ্রহণের ওপর তালেবানের এই কঠোরতা এমন এক সময়ে বাড়ছে, যখন তাদের চিকিৎসক হওয়ার পথও বন্ধ করে দেয়া হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে নারীরা চিকিৎসাবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার অধিকার হারিয়েছেন। হাসপাতালগুলোর চিকিৎসকরা জানিয়েছেন, নারী কর্মী নিয়োগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। এখনো যারা নারী চিকিৎসক হিসেবে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও মাহরাম রাখার বাধ্যবাধকতা রয়েছে।

এক নারী রোগী জানান, তিনি বাবাকে সঙ্গে নিয়ে একটি চিকিৎসাকেন্দ্রে গেলেও সেখানে নারী কর্মী না থাকায় তাকে পুরুষ চিকিৎসকের কাছে যেতে অপেক্ষা করতে হয়। তাকে বলা হয়, আরও একজন নারী রোগীকে তার মাহরামসহ আসতে হবে। কারণ চিকিৎসক নারী রোগীকে স্পর্শ করতে পারবেন না। কোনো সমস্যা দেখা দিলে ওই নারী রোগী অন্যজনকে সহযোগিতা করতে পারবেন।
এ পরিস্থিতিতে আফগান নারীদের সামনে কার্যত তিনটি পথ খোলা রয়েছে। নিজেদের, চিকিৎসক ও চিকিৎসাকেন্দ্রকে ঝুঁকির মধ্যে ফেলে চিকিৎসা নেয়া, অযোগ্য নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে চিকিৎসা নেয়া অথবা অসুস্থতা নিয়েই জীবন কাটানো।

এক নারী রোগী দ্য গার্ডিয়ান ও জান টাইমসকে বলেন, ‘আমি বুঝতে পারছি না, এটা কেমন পরিস্থিতি! এমন একটি শহরে, যেখানে একজনও নারী চিকিৎসক পাওয়া যায় না, সেখানে এত বিধিনিষেধ কীভাবে আরোপ করতে পারে? তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই।’

তালেবানের বক্তব্যের সঙ্গে বাস্তবতার অমিল
চিকিৎসক ও রোগীদের এসব অভিজ্ঞতা নারী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ছাড় দেওয়ার বিষয়ে তালেবানের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তালেবান সরকারের যোগাযোগমন্ত্রী হামদুল্লাহ নোমানি বলেছিলেন, নারী রোগীদের চিকিৎসার সময় পুরুষ চিকিৎসকদের মাহরাম হিসেবে বিবেচনা করা হবে। তবে বাস্তবে সেই ছাড় কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরের একটি দন্তচিকিৎসা কেন্দ্রে সহকারী হিসেবে কাজ করেন নার্গিস (ছদ্মনাম)। তিনি জানান, নারী রোগীদের চিকিৎসা করার সময় তালেবান কর্মকর্তাদের নজরদারি এড়াতে কিছু চিকিৎসক ক্লিনিকের বাইরে লোক রাখেন।
নার্গিস বলেন, ‘আমাদের পুরুষ চিকিৎসক মাঝেমধ্যে রসিকতা করে বলেন, চলো, চেম্বারের ভেতরে একটা চাদরি (আফগান নারীদের পরা পুরো শরীর ঢাকা বোরকা) রাখি। তারা এলে আমি সেটা পরে নেব, যাতে তারা বুঝতে না পারে যে আমি একজন পুরুষ চিকিৎসক।’

আফগান নারীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে তালেবানের এসব বিধিনিষেধ দেশটির স্বাস্থ্যব্যবস্থায় গভীর সংকট তৈরি করছে। বিশেষ করে নারী চিকিৎসকের সংকটের মধ্যে পুরুষ চিকিৎসকদেরও নারী রোগী দেখা থেকে বিরত রাখায় লাখ লাখ নারী কার্যত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।