জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

জাতিংঘ জলবায়ু সম্মেলন

জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

ফন্ট সাইজ:

জুট বা পাটের পরিবেশগত সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সহযোগিতার পথ খুঁজছে বাংলাদেশ। এ লক্ষ্যে কপ-৩১ জলবায়ু সম্মেলনের পাশে তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিমের সঙ্গে বৈঠক করেছে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন টিম। বৈঠকে পাটের পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং ফাউন্ডেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে সমন্বয় করে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।


বুধবার অনুষ্ঠিত বৈঠকে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন বাংলাদেশের উপস্থাপিত জুট ইকোসিস্টেম সার্ভিসেসের প্রশংসা করে। পাটকে কার্বন-নেগেটিভ, সম্পূর্ণ জৈব-অবচনযোগ্য প্রাকৃতিক তন্তু হিসেবে উল্লেখ করে প্লাস্টিকের কার্যকর বিকল্প হিসেবেও স্বীকৃতি দেয় ফাউন্ডেশন টিম। অন্যদিকে, বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিম ফাউন্ডেশনের কার্যক্রম এবং বর্জ্যহীন ব্যবস্থাপনা গড়ে তোলার টেকসই উদ্যোগের প্রশংসা করে।


বৈঠকে দুই পক্ষ নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি যৌথ উদ্যোগ ও নতুন ধারণা তৈরির মাধ্যমে পাটের পরিবেশগত সুবিধা এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের কার্যক্রমকে কাজে লাগিয়ে বাস্তবভিত্তিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।


এদিকে, কপ-৩১-এ বাংলাদেশ জুট প্যাভিলিয়ন ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। দিনভর প্যাভিলিয়নটি পরিদর্শন করেছেন কয়েকটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও যুব নেতৃত্বের প্রতিনিধিরা। প্যাভিলিয়ন পরিদর্শনে আসা দর্শনার্থীদের মধ্যে পাটপণ্যের প্রতি আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। একই সঙ্গে কয়েকটি বড় আকারের অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে প্যাভিলিয়ন সংশ্লিষ্টরা।