ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেয়ারও তাগিদ দিয়েছেন তিনি।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়টি সমর্থন করেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ধন্যবাদ জানান।
সংসদে দুই নেতার বক্তব্যে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তৈরি হওয়া ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর বিষয়টি গুরুত্ব পায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ বিভিন্ন পক্ষ নিচ্ছে, তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো ধর্ম, কখনো হরতাল, আবার কখনো অন্য নাম ব্যবহার করা হচ্ছে। এসব কর্মসূচির উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নয়, বরং ঐক্য ও সম্মিলিত অবস্থান প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে যে সম্মিলিত অবস্থান তৈরি হয়েছিল, তা যেন সময়ের সঙ্গে দুর্বল হয়ে না পড়ে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমি আশা করবো, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চান। জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ’২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবো। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’
বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটি দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের যন্ত্রণার মধ্যে ফেলে দেয়া উচিত হবে না। অতীতে যে পরিস্থিতির মধ্যদিয়ে মানুষকে যেতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পর কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।
ডা. শফিকুর রহমান বলেন, আগামীতে আমরা এখানে বসে যা বলবো, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।
বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন বিষয়ে বিতর্কও হবে। কিন্তু দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন। জনগণ যেন আর অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তিনি যে কথা বলেছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। গণতান্ত্রিক সংসদে মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক বিষয়। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সংসদে জাতীয় ঐক্যের আহ্বানটি তুলে ধরেন।
