রাজধানীতে ৪ বাসে আগুন

ককটেল বিস্ফোরণ, কড়া নজরদারি

রাজধানীতে ৪ বাসে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর শ্যামলী, মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে এবং পল্লবীতে চারটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ও গতকাল সকালে এসব ঘটনা ঘটে। একই রাতে আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় রাজধানী জুড়ে চেকপোস্ট ও নজরদারি জোরদার করেছে ডিএমপি।
গতকাল সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামে দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে একটি বাসের পুরো আসন, কাঁচ ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দু’টি জানালার কাঁচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানায়, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা বাসে আগুন দিচ্ছে।

এর আগে মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ প্রসঙ্গে শাহ্‌ আলী থানার ওসি রাজীব হোসেন বলেন, কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে। দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই আল-আমিন জানান, পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইব্‌নে মিজান। রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যায় বলে জানান- বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন। রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। আদাবর থানার ওসি শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাত ৯টার দিকে রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে আসামাত্রই কে বা কারা বাসটিতে আগুন দেয়। বাসে যাত্রী ছিল না। চালক ও তার একজন সহকারী ছিলেন। তবে কেউ হতাহত হননি। কে বা কারা আগুন দিয়েছে তা খোঁজ নেয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার বলেন, মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দু’জন এই ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।

পুলিশের নজরদারি জোরদার: অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।