বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক
জলবায়ু সম্মেলনে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর ভাষণ আজ

বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক

ফন্ট সাইজ:

তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বনেতাদের মিলনমেলায় বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে। গতকাল বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তিনি। আজ বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে বিশ্বনেতাদের মূল অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার তিনদিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। গতকাল বৈঠক হয় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সম্মেলন আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং লন্ডনের মেয়র সাদিক খান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গেও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়।

দুপুরে শুরু হওয়া বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে বিশ্বের ১৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনের পর বিকালে বিশ্বনেতাদের সঙ্গে ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের দেয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।

এ ছাড়া সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

আজ কপ-৩১ এর মূল অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, জলবায়ু ন্যায্যতা, অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের মতো বিষয়গুলো তার বক্তব্যে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। একই দিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেক্সান্ডার ডি ক্রু এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গেও পৃথক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংশ্লিষ্ট দেশ ও সংস্থার সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তিনদিনের সফর শেষে আজ বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।