চট্টগ্রামের রাউজানে নিজের কাছে আগ্নেয়াস্ত্র না থাকলেও অন্যের অস্ত্রের ছবি ও ভিডিও দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে চাঁদা দাবির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পুলিশের দাবি, হৃদয় অন্যের আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখাতেন। তার লক্ষ্যবস্তু ছিলেন প্রবাসী, ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকায় বাড়িঘর নির্মাণ করছেন এমন ব্যক্তিরা। অস্ত্রের ছবি ও ভিডিও পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছে চাঁদা দাবি করতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে কাপড়ের ওপর সারিবদ্ধভাবে রাখা ৮টি পিস্তল দেখিয়ে হৃদয়কে বলতে শোনা যায়, ‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি’ এবং ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় দাবি করেছেন, ভিডিওতে প্রদর্শিত ৮টি পিস্তল তার নিজের নয়। অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ৩০শে অক্টোবর ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল এসআরবি। জিজ্ঞাসাবাদে হৃদয় জানান, বিভিন্ন সময় অন্যের আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন রেকর্ড করে রাখতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় অন্যের আগ্নেয়াস্ত্রের ভিডিও ধারণ করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো এবং চাঁদা দাবির কথা জানিয়েছেন। বিশেষ করে প্রবাসী, ব্যবসায়ী ও বাড়িঘর নির্মাণকারীদের লক্ষ্যবস্তু করতেন তিনি। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
এসপি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে ধারণ করা হয়েছিল। ভিডিওতে থাকা অস্ত্রগুলোর সঙ্গে আগে উদ্ধার করা অস্ত্রের মিল পাওয়া যায়নি। হৃদয়ের সঙ্গে আরাফাত মামুনের একসময় সুসম্পর্ক থাকলেও সম্প্রতি তার বাবাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই পুরনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
‘বুলেট হৃদয়ের’ টার্গেটে প্রবাসী ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
