একইদিনে দুর্নীতির তদন্ত ও ঢাকায় পদায়নের সুপারিশ

ফন্ট সাইজ:

সরকারি নির্দেশনা উপেক্ষা করে ডিও লেটার (আধা-সরকারি পত্র) নিয়ে তদবিরে নেমেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) কয়েকজন প্রকৌশলী। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অথচ একইদিনে সেই প্রকৌশলীকে ঢাকায় পদায়নের সুপারিশ করে আরেকটি চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয়ে আলোচনা-সমালোচনা চলছে।
অভিযোগ রয়েছে, তদবিরে যুক্ত প্রকৌশলীরা আওয়ামী লীগ সরকারের আমলেও ঢাকায় সুবিধাজনক পদে ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলেও ঢাকায় কর্মরত ছিলেন কেউ কেউ। এখন বিএনপি সরকারের আমলেও ঢাকায় ফিরতে মন্ত্রী-এমপিদের সুপারিশ সংগ্রহ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনি এবং শেরপুরের সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশফিকুর রহমান ঢাকায় পদায়নের জন্য ডিও লেটার সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে মনিরুজ্জামানের পক্ষে একজন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্য মাত্র এক দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি আগে ঢাকা মেট্রো কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এক ঠিকাদারের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েও কাজ না দেয়ার অভিযোগে তিনি ইইডি’র প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে তদন্তের জন্য গত ২৮শে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা-৩ থেকে প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়। অন্যদিকে, একইদিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইইডি’র প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো আরেকটি চিঠিতে চারজন সহকারী প্রকৌশলীকে ঢাকায় পদায়নের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। তাদের মধ্যে মনিরুজ্জামান মনিও রয়েছেন। জাতীয় সংসদ সদস্যদের ডিও লেটার ও আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। দু’টি চিঠিতে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব।

মনিরুজ্জামান মনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত। ঢাকায় পদায়নের জন্য গত ১লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেন তিনি। এরপর ২রা সেপ্টেম্বর তার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার দেন একজন সংসদ সদস্য। পরদিন একই বিষয়ে ডিও লেটার দেন একজন প্রতিমন্ত্রী। এদিকে, সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ ২০২১ সালের ৬ই এপ্রিল ফেনী সদর থেকে ইইডি’র ঢাকা মেট্রোতে পদায়ন পান। ২০২৬ সালে পদোন্নতির কারণে তাকে পটুয়াখালীতে পদায়ন করা হয়। তবে তিনি আবারো ঢাকায় ফিরতে চান। অন্যদিকে, শেরপুরে কর্মরত সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশফিকুর রহমান ঢাকা সার্কেল অথবা ঢাকা মেট্রোতে পদায়ন পেতে কিশোরগঞ্জের একজন সংসদ সদস্যের ডিও লেটার নিয়েছেন।

গত ১৭ই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মচারীদের চাকরিসংক্রান্ত তদবির বন্ধে পরিপত্র জারি করে। এতে বলা হয়, এ ধরনের তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২০ বিধির পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের শামিল। তদবিরের ঘটনা ঘটলে তা নথিভুক্ত করে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। এ নির্দেশনার পরও ইইডি’র প্রকৌশলীদের পদায়নে একাধিক ডিও লেটার জমা পড়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখা হবে।