আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

শিশুকে শুধু ৬ মাস মায়ের দুধ খাওয়ালে আক্রান্তের ঝুঁকি কমে ২৩ শতাংশ

ফন্ট সাইজ:

দেশে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু হচ্ছে। সেই হিসাবে প্রতি বছর মৃত্যু হয় ২৬ হাজার ৭৬৬ শিশুর। অপুষ্টি, বায়ুদূষণ ও শিশুর কম ওজন নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শিশুকে ৬ মাস শুধু বুকের দুধ খাওয়ালে নিউমোনিয়ায় আক্রান্তের ঝুঁকি ২৩ শতাংশ কমে যায়। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউনেটোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো নিউমোনিয়া। বিশেষজ্ঞরা জানান, টিকার কাভারেজের মাধ্যমে শক্ত ইমিউনিটি তৈরি করতে পারলে নিউমোনিয়ার সংক্রমণ থেকে শিশুরাও বাঁচতে পারবে।
তারা বলেন, এ বছর নিউমোনিয়ায় শিশুমৃত্যু অন্য বছরের তুলনায় অনেক বেশি। কারণ হিসেবে বলেন, হামে আক্রান্ত শিশুদের বেশির ভাগের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। দেশে এখনো ৫ বছরের নিচে শিশু মৃত্যুর এক নম্বর কারণ নিউমোনিয়া। দেশে যত শিশু মারা যায় তার এক তৃতীয়াংশ মারা যায় নিউমোনিয়ায়। নিউমোনিয়ার জাতীয় যে ডাটা তাতে নিউমোনিয়ায় ৯০ এর দশকে লক্ষাধিক শিশু মারা যেতো। দেশে নিউমোনিয়ার টিকা শুরু হওয়ার ফলে মাঝখানে নিউমোনিয়া অনেক কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি এটা আবার সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ হিসেবে তারা বলেন, একটা কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রান্ট।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য বলছে, চলতি বছর ১০ই নভেম্বর পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৭৯ হাজার ৮৮৪ শিশু। আর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে ২ হাজার ২৯৮ শিশু। এর আগের বছর ২০২৫ সালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৭৭ হাজার ৮৬ শিশু। আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৬৩১ শিশু। ২০২৪ সালে বহির্বিভাগে চিকিৎসা নেয় ৭৩ হাজার ৫১২ জন। আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় ৪ হাজার ২৬০ জন। চলতি বছর নিউমোনিয়ার সঙ্গে অন্য জটিলতা নিয়ে মৃত্যু হয় ৯১ শিশু এবং নভেম্বরের ১০ দিনে মৃত্যু হয় ২৫ জনের।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান বলেন, নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত রোগ। এতে শ্বাস-প্রশ্বাসের কষ্ট হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ধুলাবালিসহ বিভিন্ন কারণে ফুসফুসে ইনফেকশন হয়। নিউমোনিয়ার লক্ষণগুলো হচ্ছে শিশুর কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, শ্বাসকষ্ট হবে। শিশুর শ্বাস-প্রশ্বাসে ওঠা-নামা করবে এবং বুকের ভেতরে এক ধরনের শব্দ শোনা যাবে। নিউমোনিয়া প্রতিরোধে এই চিকিৎসক জানান, শিশুকে ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। সময়ের আগে জন্ম নেয়া অথবা অল্প ওজনের শিশুদের ইমিউন সিস্টেম দুর্বল থাকার কারণে ওইসব শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয় বেশি। এ ছাড়া যেসব শিশুর টিকা নিশ্চিত করা যায় না এবং অপরিচ্ছন্ন থাকে সেইসব শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। শিশু এবং বড়দের মধ্যে যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তারা বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়।
এ পরিস্থিতিতে আজ ১২ই নভেম্বর দেশে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬’। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে-‘অ হব িঊৎধ ড়ভ হবঁসড়হরধ ঈড়হঃৎড়ষ’ অর্থাৎ নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ২০০৯ সাল থেকে বিশ্ব জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।