মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইন মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, আইন সবার জন্য সমান এবং নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর আপিল দায়েরের ক্ষেত্রে বিলম্ব মওকুফের (ডিলে কনডোনেশন) সুযোগ আদালত গ্রহণ করেননি, যার নজির রয়েছে ট্রাইব্যুনালের পূর্ববর্তী রায়ে। গতকাল সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে ব্যাখ্যা ইতিপূর্বে যারা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা করেছেন বলে আমার কাছে মনে হয়নি। তারা সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটরও বক্তব্য দিয়েছেন। এমনকি ভারতের পররাষ্ট্র সচিবও বক্তব্য দিয়েছেন বলে আমি গণমাধ্যমে দেখেছি। দায়িত্বশীল ব্যক্তিরা পারস্পরিক বৈদেশিক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে এবং আইন মেনেই সঠিক কথা বলেছেন।
তিনি আরও বলেন, আইন সবার জন্যই এক। আবুল কালাম আজাদের উদাহরণ টেনে তিনি বলেন, ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন এবং ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট বিলম্ব মওকুফের (ডিলে কনডোনেশন) বিষয়টি বিবেচনা করতে পারেননি। ট্রাইব্যুনালের রায়ের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর আপিল করতে গেলে তার কী পরিণতি ও ফলাফল হতে পারে, তার বড় উদাহরণ হতে পারে আবুল কালাম আজাদের মামলাটি। এই মামলায় আপিল বিভাগে দীর্ঘ শুনানি হয়েছে এবং বর্তমানে যে যুক্তিগুলো দেয়ার চেষ্টা করা হচ্ছে, তৎকালীন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ থেকেও একই ধরনের যুক্তি তোলা হয়েছিল। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত তা আমলে নেননি। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়া নিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, কে কীভাবে ফিরবেন- সেই ব্যাখ্যা তো আর আমি দিতে পারবো না। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। তিনি যদি নিজেকে বাংলাদেশের আইনের সামনে সোপর্দ বা আত্মসমর্পণ করতে চান, তবে তাকে প্রচলিত আইন মানতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে দেশের আইন অত্যন্ত স্পষ্ট।
শেখ হাসিনার অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধ: এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় বন্দি স্ট্যাটাস নিয়েই ফিরতে হবে। এ ছাড়া, তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। গতকাল ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে মানবজমিনকে এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধ। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার অনুযায়ী, কোনো ব্যক্তি যদি এমন অপরাধে দণ্ডিত হন এবং সর্বনিম্ন ২ বছরের সাজা হয়- তবে তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার যোগ্য নন। ফলে তার আসার একমাত্র পথ ভারতের হেফাজতে গিয়ে বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তর হওয়া। এ ছাড়া, যেকোনোভাবে বাংলাদেশে প্রবেশ করা মাত্রই তার বিরুদ্ধে থাকা সাজা পরোয়ানা (কনভিকশন ওয়ারেন্ট) কার্যকর হবে এবং তাকে গ্রেপ্তার হতে হবে। বিশেষ আইনে বিচার হওয়ায় ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর আপিল করার বা তা গৃহীত হওয়ার আর কোনো আইনি সুযোগ তার নেই।
তিনি আরও জানান, যাদের রায় ঘোষণার পর ৩০ দিন পার হয়ে আপিলের সময়সীমা শেষ হয়েছে- তাদের সম্পত্তি ক্রোকের আদেশের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে, গুম ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে চিফ প্রসিকিউটর জানান, গুম কমিশনের রিপোর্টে উঠে আসা সন্ধান না মেলা ২৮০ জন ভিকটিমের ঘটনাগুলো তদন্ত চলছে। এসব ঘটনার মধ্যে ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অপরাধগুলোর বিচার ট্রাইব্যুনালে হবে এবং বাকি অংশ সংশ্লিষ্ট আদালতে পেনাল কোড বা গুম আইনে বিচার করা হবে। তিনি উল্লেখ করেন, তদন্তের ক্ষেত্রে কোনো নিরীহ ব্যক্তি যেন আসামি না হন, সেজন্য অফিসিয়াল আদেশের বাইরে গিয়ে কার কী সুনির্দিষ্ট ভূমিকা বা অপরাধ ছিল- তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। যাত্রাবাড়ীর ১২৭টি মামলাসহ বিভিন্ন এলাকার ঘটনাগুলোকে আলাদা আলাদা না করে বড় পরিসরে এক বা দু’টি ট্রায়ালে এনে বিচার দ্রুত নিষ্পত্তির পরিকল্পনা নেয়া হয়েছে। ট্রাইব্যুনালের লক্ষ্য- আগামী জুলাই মাসের আগেই যেন জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট উল্লেখযোগ্য সংখ্যক ঘটনার তদন্ত ও বিচার শেষ করা সম্ভব হয় বলে জানান তিনি।
