উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মতো অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সমপ্রতি এক অনুষ্ঠানে ‘কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায়’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ঘুষ গ্রহণের মতো ব্যক্তিগত সুবিধা নিতে বলে কি প্রতিমন্ত্রী প্রকারান্তরে ঘুষ লেনদেনকে বৈধতা দেয়ার পাঁয়তারা চালাচ্ছেন কিনা এমন প্রশ্ন টিআইবি’র। অবিলম্বে প্রতিমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা এবং প্রতিমন্ত্রী ও এ বক্তব্যের পেছনে যে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে তাদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি। গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে টিআইবি। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব।
এ কাজের জন্যই তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহারের’ নামে অবৈধ অর্থ নেবেন কেন? এই কাজের জন্য উপহার নেয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব্যাপকতর বিস্তার ঘটাবে। নতুন করে চিন্তা করার নামে প্রতিমন্ত্রী কি সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের অধিকতর বিকাশ ও তার সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন? তার এই বক্তব্য সরকারের অবস্থান কিনা, তা সরকারকেই স্পষ্ট করতে হবে। টিআইবি’র নির্বাহী পরিচালক আরও বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেয়ার সুযোগ কোন আইন বা বিধিতে আছে, তা তাকে জনসমক্ষে আনতে হবে। দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য। দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা প্রতিদান অপর্যাপ্ত জেনেও মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তার নিরপেক্ষতা থাকবে কীভাবে? এমন লেনদেন তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, অন্য ঠিকাদারদের সমান সুযোগও ক্ষুণ্ন করতে পারে। অন্যদিকে ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীর যোগসাজশের দুর্নীতি আরও বৃদ্ধি পাবে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। বাস্তবে এক্ষেত্রে প্রতিমন্ত্রীর সঙ্গে সিনিয়র সচিবের যোগসাজসমূলক দুর্নীতির প্রতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কিনা- এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেনের ঘোষণার কথা সরকারকে মনে করিয়ে দিয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, সরকারের দায়িত্বশীল অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিদের এমন লাগামহীন দুর্নীতিসহায়ক অবস্থান যে নিজেদের জন্য অশনিসংকেত- তা সরকারকে বুঝতে হবে।
ঠিকাদারের ‘উপহার’ নিয়ে দেয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। তাছাড়া, সরকারের প্রতি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যাসহ জবাবদিহি এবং তার বক্তব্যে উল্লিখিত সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাইসাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে টিআইবি।
