নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড

এখনো হাসপাতালে ১৮ একজন লাইফ সাপোর্টে

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত শান্তিধারা আবাসিক জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দু’জন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে আছেন। লাইফ সাপোর্টে থাকা শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সন্তানকে দেখতে হাসপাতালে ভিড় করছিলেন বাবা-মা, স্বজনরা। আর অপেক্ষমাণ স্বজনদের চোখে ছিল উৎকণ্ঠা। কেউ চিকিৎসকের কাছে সন্তানের শারীরিক অবস্থার খবর নিচ্ছিলেন। কেউবা একটু ভালো খবরের আশায় অপেক্ষা করছিলেন। গতকাল সরজমিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ চিত্র দেখা যায়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার ভূঁইঘর এলাকার অবস্থিত পাঁচতলা মাদ্রাসাটিতে আগুন লাগে।

ভবনের দ্বিতীয় তলায় ছিল লাইব্রেরি ও অফিসকক্ষ। সেখান থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। আবাসিক শিক্ষার্থীদের অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন। আগুন তাপ ও ধোঁয়ায় তাদের ঘুম ভাঙ্গে। বিষয়টি তখনো কেউ আঁচ করতে পারেননি। একটু পরেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এরপর তারা ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। বের হতে গিয়ে অনেকেই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। গতকাল পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দু’জন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে আছেন। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ১৪ বছর বয়সী শিক্ষার্থী সিয়াম। সন্তানের এ অবস্থা দেখে উদ্বিগ্ন মা সোনিয়া আক্তার। অশ্রুভেজা চোখে তিনি মানবজমিনকে জানান, সিয়াম তার একমাত্র সন্তান। তাকে হাফেজ বানানোর ইচ্ছে ছিল পরিবারের। এই প্রত্যাশায় বাড়ির কাছের মাদ্রাসায় ভর্তি করেন। অল্প বয়সেই সিয়াম হাফেজ হয়েছে। কিন্তু ছোট্ট শিশুটি এখন হাসপাতালে কাতরাচ্ছে। সন্তানের এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন তিনি। পাশেই বসে ছিলেন ১৬ বছর বয়সী শিক্ষার্থী আলিফের বড় ভাই আফজাল হোসেন। ভাইয়ের চিন্তায় সারারাত ঘুমাতে পারেননি তিনি।

আফজাল মানবজমিনকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর আমরা অনেক ভয় পেয়ে যাই। ঘটনাটি রাতের। একটু পরেই জানতে পারি, আলিফকে হাসপাতালে নেয়া হচ্ছে। কি হয়েছে, না হয়েছে কিছুই জানতাম না। এরপর আমাদের জানানো হলো বার্ন ইউনিটে নেয়া হচ্ছে। হাসপাতালে এসে শুনি এই ঘটনা। তিনি বলেন, বর্তমানে আলিফ স্বাভাবিক অবস্থায় ৫২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এখন সবাই তার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, সাধারণ ওয়ার্ডে থাকা ১৫ শিক্ষার্থীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে অনেককে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে। তবে এ বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি জানান, হাসপাতালে আসা ৯৪ শিক্ষার্থীর কারও শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের শ্বাসতন্ত্রে সমস্যা দেখা দেয়। কারও শ্বাস নিতে কষ্ট হয়েছে, আবার কারও ক্ষেত্রে শ্বাসনালির ক্ষতির বিষয়টি চিকিৎসকদের পর্যবেক্ষণে এসেছে। শুরুতে আইসিইউতে থাকা একজন শিক্ষার্থীর অবস্থার উন্নতি হওয়ায় তাকে পরে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাদের শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে চিকিৎসা দেয়া হচ্ছিল। কয়েকজনের কাশি, শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছিল। চিকিৎসকদের পাশাপাশি দু’টি মেডিকেল বোর্ডও শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।