প্রেসিডেন্টের সঙ্গে ডাচেস অব এডিনবরার সাক্ষাৎ

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন-সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। সাক্ষাতে বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সমপ্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। গতকাল বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্টের প্রেস উইং।
প্রেস উইং জানায়, সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন, ডাচেস অব এডিনবরার এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তিনি বলেন, ডাচেস অব এডিনবরার রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সমপ্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সমপ্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রেসিডেন্ট ডাচেস অব এডিনবরাকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাতে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ডাচেস অব এডিনবরা সাক্ষাতে প্রেসিডেন্টকে তার তিনদিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।

এসময় ডাচেস অব এডিনবরার বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট। সাক্ষাতে প্রেসিডেন্টের কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বৃটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবরার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
ওদিকে গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধিদল। সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খান।
হলের প্রাক্তন ছাত্র হিসেবে প্রেসিডেন্ট প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। প্রতিনিধিদল এ জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানায়।