দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ। যেকোনো সময় ঘোষণা আসতে পারে বলে এনসিপি সূত্র জানিয়েছে। উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন এনসিপি’র নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার।
জানা গেছে, ২১ সদস্যের এই পরিষদে সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। ভবিষ্যতে উপদেষ্টা পরিষদের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। উপদেষ্টা পরিষদের সম্ভাব্য সদস্যদের মধ্যে রয়েছেন- প্রকৌশলী সাবিনা আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা জোরদার এবং দলের সাংগঠনিক কাঠামো বিস্তারের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। এসব পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে এনসিপি।
মধ্যমপন্থি রাজনীতির বার্তা নিয়ে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। সম্প্রতি নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দলটি।
এর আগে আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করেছিল এনসিপি। তবে দল গঠনের পর এবারই প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে দলটি। এনসিপি’র নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, অনেকদিন ধরেই উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা ছিল। এখন এটা চূড়ান্ত হয়ে গেছে। যেকোনো সময় ঘোষণা আসবে। উপদেষ্টা পরিষদ বুদ্ধিপরামর্শ দেয়ার জন্য, চেক অ্যান্ড ব্যালেন্সের স্বার্থে আমাদের সিদ্ধান্তগুলো তারা যেন রিভিউ করতে পারেন ইত্যাদি কারণে।
