রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহত একজনের নাম দেলোয়ারা বেগম (৭০), অন্যজন কাজল বেগম (৪৫)। এ ঘটনায় মনোয়ারা বেগম (৭৫) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। দেলোয়ারা ও মনোয়ারা সম্পর্কে বোন হন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল এই তথ্য জানান।
ওসি দুলাল হোসেন বলেন, গাবতলীর পর্বত এলাকায় তিনজন নারী একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকায় চলাচল করা চাঁদনি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুলাল হোসেন বলেন, চাঁদনি পরিবহন নামের বাসটি ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেলোয়ারা বেগমের জামাতা বাবু হোসেন বলেন, নিহত দেলোয়ারা ও আহত মনোয়ারা সম্পর্কে বোন হন। তারা সাভারে থাকেন। দু’জন মিরপুরে আরেক বোনের বাসায় এসেছিলেন। এখান থেকে সাভারে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।
বুধবার সন্ধ্যায় ওসি দুলাল মানবজমিনকে জানান, নিহত কাজল বেগম (৪৫) ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা। তার স্বামী রিয়াজ উদ্দিন। দেলোরা বেগমের পিতা হেলাল উদ্দিন, মাতা তজিমন নেসা। তিনি ঢাকার পল্লবী থানার বাসিন্দা।
গাবতলীতে বাসের চাপায় প্রাণ গেল ২ নারীর
স্টাফ রিপোর্টার
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
