রমজানে মূল্য নিয়ন্ত্রণে ১০ পণ্যে ঋণ সুবিধা

রমজানে মূল্য নিয়ন্ত্রণে ১০ পণ্যে ঋণ সুবিধা

ফন্ট সাইজ:

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজারদর সহনীয় রাখতে ১০ ধরনের খাদ্যপণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন বাকিতে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকরা এখন পণ্য এনে পরে মূল্য পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পিয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজানে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমদানিকারকরা আগেভাগে পণ্য আমদানির প্রস্তুতি নিতে পারবেন। এতে বাজারে সরবরাহের ঘাটতি ও মূল্যবৃদ্ধির চাপ কমবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর বাড়তি মূল্যচাপ তৈরি হোক, তা কেন্দ্রীয় ব্যাংক চায় না। তাই আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, গত ১৩ই আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০ এর পার্ট-ডি এর ১(১) অনুচ্ছেদে কিছু পণ্য বাকিতে আমদানির সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে রমজানের প্রয়োজন বিবেচনায় গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের তালিকা সমপ্রসারণ করা হয়েছে। এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। পাশাপাশি নতুন সুবিধার বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানাতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।