দুই বাংলার জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন তারা। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করবেন এই দুই তারকা। পাহাড়ের বুকে রহস্যময় এক হত্যাকাণ্ডকে ঘিরে এগোবে ছবির গল্প। একটি পার্টির আনন্দ-উৎসবের মধ্যেই আচমকা আসবে রহস্যময় বার্তা। বদলে যাবে পরিস্থিতি। শুরু হবে
হত্যাকাণ্ডের তদন্ত। ধীরে ধীরে সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপড়েন এবং পারিবারিক সম্পর্কের নানা জটিলতা। ছবিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী।
তিনি বলেন, অর্জুন দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে বিশেষ। ছবির গল্প এবং নিজের চরিত্র দু’টিই তার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আগে অভিনয় করেননি বলেও জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে, জয়া আহসানের কাছেও ছবিটি বিশেষ। পরিচালক অর্জুন দত্তের কাজ তার পছন্দের। একটি মার্ডার মিস্ট্রির অংশ হতে পেরে রোমাঞ্চিত তিনি। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলাকে চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন অভিনেত্রী। জয়া-শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করবেন— শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরী। ছবিটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত।
