অপূর্ব ও নীহা টিভি নাটকের এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি। এর আগে অপূর্ব’র সঙ্গে অনেক টিভি অভিনেত্রীই জুটি হিসেবে কাজ করেছেন; যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য— তারিন, রিচি, বিন্দু, মম, তিশা, মেহজাবীন’সহ আরও বেশ ক’জন। অপূর্ব’র সঙ্গে সবচেয়ে জুনিয়র শিল্পী হিসেবে জুটি হয়ে আলোচনায় এসেছেন নীহা। এই জুটির নতুন নাটক ‘দূরের মানুষ’। আগামী ৩রা ডিসেম্বর নাটকটি ইউটিউবে প্রকাশ পাবে।
নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। অপূর্ব বলেন, সৌখিনের
অনেক নাটকে এর আগে অভিনয় করেছি। সব নাটকই বলা যায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যেহেতু সৌখিনের নাটকের গল্প তার নিজের। তাই সে তার নিজের মনের মতো করেই নাটক নির্মাণ করতে পারে। আর দীর্ঘদিনের অভিনয় জীবনে আমার বিপরীতে বহু গুণী অভিনেত্রীরা অভিনয় করেছেন। এই সময়ে তটিনী ও নীহার বিপরীতে আমাকে দেখতে প্রবল আগ্রহ প্রকাশ করেন দর্শক। যথারীতি ‘দূরের মানুষ’-এ আমাকে এবং নীহাকে দেখা যাবে। নীহা এখন আগের চেয়ে অনেক ভালো করছে।
নীহা বলেন, অপূর্ব ভাইয়া ভীষণ গুণী অভিনেতা। শুটিংয়ের সময় আমার কোনো কিছু নিয়ে দ্বিধা হলে আমি তাকে অনায়াসে জিজ্ঞেস করি এবং তাতে আমারই উপকার হয়, অভিনয়টা আরও প্রাণবন্ত হয়। ‘দূরের মানুষ’ নিয়ে আমি ভীষণ আশাবাদী।
