মাতৃত্বের স্বপ্ন পূরণ করতে গিয়ে কঠিন সময়ের মধ্যদিয়ে যেতে হয়েছিল অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়কে। দুই কন্যাসন্তানের মা হওয়ার আগে সন্তানধারণে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই সময় পরিচালক ফারাহ খানের জীবনসংগ্রাম তাকে নতুন করে আশার আলো দেখিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দেবিনা।
অভিনেত্রী বলেন, সন্তানধারণে সমস্যার সময় আদৌ কোনোদিন মা হতে পারবেন কি না— তা নিয়ে সংশয়ে ছিলেন তিনি। ঠিক সেই সময় ফারাহর জীবনের উদাহরণ তাকে সাহস জুগিয়েছিল। ৪৩ বছর বয়সে সহায়ক প্রজনন পদ্ধতির মাধ্যমে তিন সন্তানের মা হয়েছিলেন ফারাহ। তার লড়াইয়ের কথা প্রকাশ্যে আসায় দেবিনার মনেও নতুন করে ভরসা তৈরি হয়েছিল। দেবিনার মতে, কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার তাগিদে অনেক নারী মাতৃত্বের পরিকল্পনা পিছিয়ে দেন। পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের
মনে সময় ফুরিয়ে আসার আশঙ্কা তৈরি হয়। তবে ৪০ পেরিয়েও অনেক নারী মা হয়েছেন— এমন উদাহরণ অন্যদের মনে আশা জাগাতে পারে। সন্তান জন্মের পর নারীর শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী।
তিনি বলেন, হরমোনের পরিবর্তনসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয় নারীদের। তাই তাদের পরিস্থিতি বোঝা জরুরি। নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া এবং কোনো সমস্যা দেখা দিলে তার কারণ খুঁজে সমাধানের পরামর্শও দিয়েছেন দেবিনা। মাতৃত্ব ও সন্তানধারণের সমস্যা নিয়ে সমাজে আরও খোলামেলা আলোচনা হোক— এটাই তার প্রত্যাশা।
