নতুন গানে সরব সালমা

নতুন গানে সরব সালমা

ফন্ট সাইজ:

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে গানের জগতে যাত্রা শুরু হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার। এরপর থেকেই নতুন গান ও দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। এদিকে, মাসখানেক আগেই জন্মদাতা বাবাকে হারিয়েছেন এ গায়িকা। বাবার হাত ধরেই গান শেখা শুরু সালমার। বাবা মারা যাওয়ার পর বেশ কিছুদিন গানসহ সবকিছু থেকে দূরে ছিলেন তিনি।

তবে সম্প্রতি আবারো চেনা রূপে গানে ফিরেছেন সালমা। স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকা ও ঢাকার বাইরে। এর পাশাপাশি নতুন গান নিয়ে সরব সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি প্রায় হাফ ডজন নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে প্রকাশ হয়েছে নতুন গান ‘মায়ার সুতোয়’। মুনসুর সানির কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। এর বাইরে রোহান রাজের সুরে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন সালমা।

অন্যদিকে, হাফিজ বাউলার সুরে গেয়েছেন তিনি। পাশাপাশি গোলাম মোর্শেদ ও ভবসিন্ধু জুটির সঙ্গে করেছেন তিনটি নতুন গান। এর বাইরে বাউল আশরাফসহ বেশ কিছু সুরকারের সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এ সংগীত তারকা। এ বিষয়ে সালমা বলেন, মধ্যে বিরতি নিয়েছিলাম। এখন আবার কাজ শুরু করেছি। বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছি। এগুলো একে একে সামনে প্রকাশ হবে। আমার বিশ্বাস, গানগুলো প্রকাশ হলে ভালো লাগবে সবার।