নাশকতা ঠেকাতে সরকার কঠোর, মাসজুড়ে মাঠে থাকবে বিএনপিও

সহযোগীদের খবর

নাশকতা ঠেকাতে সরকার কঠোর, মাসজুড়ে মাঠে থাকবে বিএনপিও

ফন্ট সাইজ:

প্রথম আলো

‘নাশকতা ঠেকাতে সরকার কঠোর, মাসজুড়ে মাঠে থাকবে বিএনপিও’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না। তবে তাঁর দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে। সরকারি সূত্রগুলোর দাবি, পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির এই চেষ্টা নিয়ে সরকার খুব একটা বিচলিত নয়; তবে নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি।

কঠোর নির্দেশনা, গণগ্রেপ্তার নয়

নাশকতার ঘটনা নিয়ে গতকাল অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

তবে নির্বিচার গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন আইজিপি। একাধিক জেলার পুলিশ সুপার প্রথম আলোকে জানান, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার বা ‘কোয়ালিটি অ্যারেস্ট’-এর ওপর জোর দিয়েছেন তিনি। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলেছেন।

পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি ও অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কোন নেতার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগে যুক্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন। গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার তিনজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; তাঁরা টাকার বিনিময়ে কাজটি করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার অন্যদের অনেকের দলীয় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে সূত্রটির দাবি।

এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এসব পোস্টে ঘটনার প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি নিজেদের সংশ্লিষ্টতার ইঙ্গিতও দেওয়া হচ্ছে। একে নাশকতার দায় কার্যত স্বীকার করার শামিল বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

গোপালগঞ্জে গতকাল ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসবের পর চার জেলায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুন মুনিরা প্রথম আলোকে বলেন, ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। নাশকতা ঠেকাতে চেকপোস্ট, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, আগেই তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার ঘোষণা ও সরকারের মূল্যায়ন

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেন।

এরপর সোমবার রয়টার্সের আরেক খবরে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। রয়টার্সকে শেখ হাসিনার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁর দেশে ফেরার তারিখ জানানো হবে। এই খবর বের হওয়ার পর সোমবার থেকে আবার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়া শুরু হয়।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রথম পাতার প্রতিবেদন ‘নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে’। খবরে বলা হয়, রাজধানী ঢাকাসহ সারা দেশে হঠাৎই বেড়েছে ককটেল নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড। এসব ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনমনে আতঙ্ক তৈরি এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। অপতৎপরতার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও ‘গেরিলা সেল’-এর সদস্যদের সুনির্দিষ্ট তালিকা এখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে। পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় এ তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় পলাতক শীর্ষ নেতা, স্থানীয় পর্যায়ের পদধারী নেতা এবং অর্থ জোগানদাতাদের নামও রয়েছে। তালিকাভুক্ত অনেকেই এরই মধ্যে গোয়েন্দা জালে বন্দি রয়েছেন। দ্রুতই নেপথ্য ইন্ধনদাতাদের পরিচয় সামনে আনা হবে। এছাড়া সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা উসকানিদাতাদেরও চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ৫ সহস্রাধিক ক্যাডারের মুভমেন্ট নজরদারির আওতায় আনা হয়েছে। খবর দায়িত্বশীল সূত্রের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতার শিকড় উৎপাটনে মন্ত্রণালয়ের উদ্যোগে পুলিশ, এসআরবি, বিজিবি এবং গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলো থেকে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। শিগ্গিরই আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে জানিয়ে সূত্র বলছে, ওই সভা থেকে দেশজুড়ে আরও কঠোর ও সমন্বিত অভিযানের নির্দেশনা আসতে পারে। এছাড়া নিষিদ্ধ সংগঠন ঠেকাতে বিএনপিসহ দায়িত্বশীল রাজনৈতিক শক্তিগুলো এক হয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্কাবস্থায় মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত করার এবং রাষ্ট্রে কৃত্রিম আতঙ্ক সৃষ্টির যে কোনো অপচেষ্টা পুলিশ অত্যন্ত কঠোরভাবে দমন করবে। নাশকতা সৃষ্টিকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের ছকে থাকা সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

সাম্প্রতিক সময়ে রাজধানীর ফার্মগেট, টিএসসি, চানখাঁরপুল, মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতর্কিতে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রমিক কিংবা সাধারণ মানুষের ছদ্মবেশে রাজধানীতে ‘হিট অ্যান্ড রান’ (ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাওয়া) কৌশলে নাশকতা চালাচ্ছে।

এদিকে নাশকতা দমনে রাজধানীর বেশকিছু এলাকায় ড্রোন নজরদারি এবং বিশেষ চেকপোস্টের মাধ্যমে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি বেশকিছু সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ দলটির গোপন ব্লুপ্রিন্ট বা নাশকতার নকশা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থা কাটিয়ে উঠতে এবং সহানুভূতি অর্জনের লক্ষ্যে আওয়ামী লীগ দেশজুড়ে চোরাগুপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনা করেছে। এ কার্যক্রমে সক্রিয় রয়েছে দলটির বিশেষ কিছু ‘গেরিলা সদস্য’, যাদের মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরির সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের একটি বড় অংশের তালিকা এখন পুলিশের সাইবার ইউনিট ও গোয়েন্দাদের টেবিলে। শুধু তাই নয়, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের গোপন নেটওয়ার্কের অন্য সুপ্ত সেলগুলোর সন্ধান চালাচ্ছে পুলিশ।

কালের কণ্ঠ

‘ভীতি ছড়ানোর চেষ্টা, সতর্ক পুলিশ’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর ককটেল নিক্ষেপ, গাড়িতে হামলা-আগুন, গ্রেনেড পুঁতে রাখা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

এসব অপতৎপরতা প্রসঙ্গে গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুনের মতো সিম্বলিক ঘটনা ঘটিয়ে দেশের রাজনৈতিক ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভীতি ছড়ানোর চেষ্টা সতর্ক পুলিশঅবনতি দাবি করা কোনোভাবেই যৌক্তিক নয়।

পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের ভেতর বা সীমান্তের ওপার থেকে যেকোনো নীলনকশা বা ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চালাচ্ছে, যার পেছনে সীমান্তের ওপারে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সুস্পষ্ট ইন্ধন রয়েছে।’

আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গতকাল সচিবালয়ে বলেন, ‘যারা দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই হচ্ছে ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত। অগ্নিসন্ত্রাসের হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।’

রাজধানীতে দুই দিনে ২৭ ককটেল বিস্ফোরণ, ২০ বাসে আগুন: পুলিশ সদর দপ্তর: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। এতে ভীতি ছড়ানোয় সর্বত্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের (এআইজি মিডিয়া) কামারুম মুনিরা বলেন, গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দুই দিনে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ২০টি বাসে আগ্নিসংযোগের তথ্য পেয়েছেন তাঁরা। এসংক্রান্ত মোট ১১টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

পুলিশ সূত্র জানায়, গতকাল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘট ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় রাজধানীতে ধর্মঘটবিরোধী অবস্থান কর্মসূচি ও মিছিল হয়েছে।

ধানমণ্ডি ৩২ নম্বর ও শাহজাহানপুর থেকে ককটেল উদ্ধার : গতকাল দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয় জানিয়ে ধানমণ্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, ‘দুটি ককটেল উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া ধানমণ্ডি সিটি কলেজের পাশের একটি স্থান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ওই দুটি ককটেলও নিষ্ক্রিয় করা হয়।’ এ ছাড়া গতকাল বিকেলে শাহজাহানপুর এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: পুলিশ বলছে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ককটেল বিস্ফোরিত হয়। এতে গাড়ির চালক আহত হন।

১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন, সারা দেশে ২২৮ ককটেল বিস্ফোরণ : পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত সোমবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময়ে সারা দেশে ২২৮টি ককটেল বিস্ফোরিত হয়। এদিকে গত তিন দিনে সারা দেশে নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মাহপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। বৈঠকে দেশের সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। এ সময় গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়।

সমকাল

দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা’। প্রতিবেদনে বলা হয়, দেশের সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে গতকাল মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন এমপিরা। সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ ‘প্রশ্নবিদ্ধ’ মনে করছেন বিশেষজ্ঞরা।

চিঠির একটিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা।

এমপিদের পছন্দ অনুযায়ী উন্নয়ন প্রকল্পে খরচ করতে গত মাসে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে ৩ হাজার ১৫৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৫১ কোটি ১৮ লাখ টাকা থোক বরাদ্দ মঞ্জুর করে স্থানীয় সরকার বিভাগ। ক্ষমতাসীন দলের সদস্যদের আসনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এই থোক বরাদ্দ নির্বাচনকে প্রভাবিত করতে দেওয়া হয়েছে বলে বিরোধী দল সমালোচনা করেছে। অতীতে এ ধরনের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

এমপিদের পছন্দ অনুযায়ী প্রকল্পে বরাদ্দ এবং তাদের স্বেচ্ছাধীন খরচের জন্য বিশেষ বরাদ্দ এর আগে বিভিন্ন সরকারের আমলে দেওয়া হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।

কেন বিশেষ বরাদ্দ

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর প্রান্তিক জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ফলে বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো নির্বাচিত সংসদ সদস্যের কাছে প্রতিনিয়ত তুলে ধরছেন।

এতে বলা হয়, সংসদ সদস্যরা প্রায়ই নির্বাচনী এলাকা সফর করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের অঙ্গীকার করেন। কিন্তু বাস্তবে তাদের বিদ্যমান ঐচ্ছিক তহবিল অত্যন্ত সীমিত। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক পাঁচ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ২৫৫ কোটি টাকা। এ বরাদ্দের মধ্য থেকে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ব্যবহার করে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

সাধারণত এ তহবিলের অর্থ দিয়ে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়।

বিশেষজ্ঞ মত

সরকারের এ উদ্যোগের বিষয়ে মতামত জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমকালকে বলেন, অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীদের কর্তৃত্বে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে একদিকে রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থের অপচয়ের সুযোগ তৈরি হয়। এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণও রয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের এ চর্চা থেকে বেরিয়ে আসবে। কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হলে তার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে। কী প্রক্রিয়ায় প্রকল্প নেওয়া ও বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। কিন্তু এসব উদ্যোগ ছাড়াই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। এতে দলীয়করণ ও অর্থের অপচয়ের পুরোনো চর্চাই অব্যাহত থাকছে, যা দুঃখজনক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্পে সরাসরি সম্পৃক্ততা থেকে বিরত থাকার বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। এ ধরনের বরাদ্দের মাধ্যমে সেই নির্দেশনারও কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রতিনিধির মৌলিক দায়িত্ব ও ভূমিকার ধারণা ক্রমেই হারিয়ে যাচ্ছে। সংসদ সদস্যরা মনে করছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলেই স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার এবং সরকারি অর্থ ব্যবহারের মাধ্যমে নিজেদের ও দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়।

ইত্তেফাক

‘এক দিনে পুলিশের গাড়িসহ ১৫ যানবাহনে আগুন, ফরিদপুরে বাস চালকের মৃত্যু’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশের গাড়ি, বাস, পিকআপ ভ্যান রয়েছে। ফরিদপুরে বাসে দেওয়া আগুনের ধোয়ায় এক চালকের মৃত্যু হয়েছে। এছাড়া দুই জায়গায় ট্রেনে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে বিএনপি কার্যালয়, গ্রামীণ ব্যাংক অফিসসহ নানা স্থাপনায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। রেললাইনে আগুন জ্বালিয়েও অবরোধের চেষ্টা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সময় অনেক জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের স্লোগান দেওয়া হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে আইজিপি আলী হোসেন ফকির গতকাল পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশনা দেন। তবে গত আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেফতার না করার জন্য পুলিশ সুপারদের বলেছেন আইজিপি। বৈঠকের পর একাধিক পুলিশ সুপার জানিয়েছেন, আইজিপি তাদের ‘কোয়ালিটি অ্যারেস্টের’ (প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার) কথা বলেছেন। নিরীহ লোকজনকে যেন হয়রানি করা না হয়, সেটা নিশ্চিত করতে বলেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ সময় কাছাকাছি স্থান থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। এতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া ধানমন্ডি সিটি কলেজের পাশের একটি স্থান থেকেও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। সেগুলোও পরে নিষ্ক্রিয় করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুইটি স্থানে পৃথকভাবে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়ির ভেতরে অবস্থান করা এক প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের ওপর থেকে নিক্ষেপ করা ককটেলটি পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের সামনের অংশে গিয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি।

সাভারে দুইটি বাসে আগুন :সাভারে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উলাইলের গেন্ডা ময়লার মোড় এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় একটি বাসের ভেতরে চালক ঘুমিয়ে থাকলেও দ্রুত নেমে আসায় প্রাণে রক্ষা পান।

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু: ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে গভীর রাতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে দেওয়া আগুনে চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাসের চালক কালাচানের (৫৫) বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বাসস্ট্যান্ডে রাস্তার পাশে পার্কিং করা কিশোর তন্ময় নামের লোকাল মিনিবাসে বাসে হঠাত্ আগুনের ঘটনা ঘটে। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানান, চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে। পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মাদ মিয়াজি জানান, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষ: গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে । সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, বিসিক ব্রিজ, সোনাকুড় ও এলজিইডি মোড় ও বেদগ্রম-মিয়াপাড়া মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়।

নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘জাতীয় নিরাপত্তায় অদৃশ্য ঝুঁকি’। প্রতিবেদনে বলা হয়, একটি সুপারমার্কেটের ফ্রিজার হঠাৎ ১১২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছে গেল। অথচ কোনো অ্যালার্ম বাজল না। কর্মীরা বিপদ বুঝে ওঠার আগেই কয়েক মিলিয়ন ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়ে গেল। ঘটনাটি প্রথমে সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে মনে হতে পারে। কিন্তু তদন্তে উঠে আসে ভিন্ন বাস্তবতা- ইন্টারনেটের সাথে সংযুক্ত রেফ্রিজারেশন নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ।

এরপর একই ধরনের হামলার লক্ষ্য হলো ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেট। এমনকি ফ্রান্সের জাতীয় রক্ত পরিসঞ্চালন সংস্থার (ইএফএস) রেফ্রিজারেশন ব্যবস্থাও আক্রান্ত হয়। সেখানে বিকল্প অ্যালার্মব্যবস্থা সক্রিয় হওয়ায় রক্তের কোনো উপাদান নষ্ট হওয়ার আগেই প্রযুক্তিবিদরা ব্যবস্থা নিতে সক্ষম হন।

এসব ঘটনা আধুনিক যুদ্ধের ধারণায় একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের জন্য এখন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিমান হামলা কিংবা সীমান্ত অতিক্রম করে সেনা পাঠানোর প্রয়োজন সব সময় হয় না। প্রতিপক্ষের বিদ্যুৎ, পানি, খাদ্য সংরক্ষণ, হাসপাতাল, রক্তব্যাংক কিংবা পরিবহনব্যবস্থার নিয়ন্ত্রণকক্ষে প্রবেশ করতে পারলেই বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করা সম্ভব।

এটি কেবল সাইবার অপরাধ নয়। রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পিত হলে এটি হতে পারে শত্রুর অর্থনীতি, জনস্বাস্থ্য, সামাজিক আস্থা ও রাষ্ট্রীয় সক্ষমতার ওপর আঘাত হানার এক নতুন কৌশল। খ্যাতনামা বিশেষজ্ঞ অলিভিয়ার নক্সের এক আলোচিত প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানেই। তিনি দেখিয়েছেন, আধুনিক যুদ্ধের নতুন ফ্রন্টলাইন কোনো যুদ্ধক্ষেত্রের মানচিত্রে সীমাবদ্ধ নেই। সেটি এখন সুপারমার্কেটের ফ্রিজার, হাসপাতালের ওষুধ সংরক্ষণাগার, পানি শোধনাগার কিংবা সামরিক ঘাঁটির খাদ্য সরবরাহব্যবস্থার মধ্যেও বিস্তৃত।

এ ধরনের হামলা শুধু যুদ্ধে ব্যবহারের কৌশল এমনটি নয়, একই সাথে প্রতিপক্ষ দেশ বা রাজনৈতিক সরকারকে বেকায়দায় ফেলতেও এ কৌশল ব্যবহারের নজির দেখা যাচ্ছে। বাংলাদেশে আগামী ডিসেম্বর-কেন্দ্রিক নাশকতা নিয়ে এ কারণে নানামুখী আলোচনা চলছে। এ ধরনের নাশকতায় বিদেশী ইন্ধন থাকতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে গোয়েন্দা রিপোর্টে।

এ কারণে বলা হচ্ছে ওপরের ঘটনাগুলো বাংলাদেশের জন্য এ সময়ে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ দ্রুত ডিজিটাল অর্থনীতি, ই-গভর্ন্যান্স, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, শিল্প অটোমেশন ও ইন্টারনেট-নির্ভর সেবা সম্প্রসারণ করছে। কিন্তু ডিজিটাল অবকাঠামো যত বাড়ছে, তার নিরাপত্তা ব্যবস্থাপনা কতটা শক্তিশালী হচ্ছে- সেই প্রশ্নও সামনে আসছে।

বাংলাদেশের ঝুঁকি শুধু সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়া কিংবা ব্যাংকের তথ্য চুরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বাস্তব নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হলে তার প্রভাব অনেক বেশি বিস্তৃত হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্যবস্তা হতে পারে:

ক. বিদ্যুৎ ও জ্বালানি খাত: বিদ্যুৎকেন্দ্র, জাতীয় গ্রিড, সাবস্টেশন, গ্যাস বিতরণব্যবস্থা ও জ্বালানি সরবরাহের বিভিন্ন স্তরে ডিজিটাল নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এসব ব্যবস্থায় এসসিএডিএ (সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন) এবং অন্যান্য শিল্প নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহৃত হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ কিংবা জ্বালানি সরবরাহে বিঘœ ঘটতে পারে।

এখানে বিপদের দু’টি দিক রয়েছে। একটি হলো সরাসরি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। অন্যটি হলো নিয়ন্ত্রণব্যবস্থায় ভুল তথ্য পাঠিয়ে অপারেটরদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা। বিদ্যুৎ খাতে বড় ধরনের বিঘœ ঘটলে শিল্প উৎপাদন, হাসপাতাল, পানি সরবরাহ, টেলিযোগাযোগ, ব্যাংকিং ও পরিবহন- সব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। বাংলাদেশের মতো বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ওপর উচ্চমাত্রায় নির্ভরশীল অর্থনীতিতে এ ধরনের ঝুঁকি বিশেষভাবে বিবেচনার দাবি রাখে।

খ. খাদ্য সংরক্ষণ ও কোল্ড চেইন : বাংলাদেশে মাছ, গোশত, দুগ্ধজাত পণ্য, ফলমূল, হিমায়িত খাদ্য, টিকা ও ওষুধ সংরক্ষণের জন্য কোল্ড চেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোল্ড চেইন বলতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রায় পণ্য সংরক্ষণ ও পরিবহনের ধারাবাহিক ব্যবস্থাকে বোঝায়। এর মধ্যে রয়েছে- হিমাগার ও কোল্ড স্টোরেজ; খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা; মাছ ও গোশত সংরক্ষণাগার; ওষুধের গুদাম; টিকা সংরক্ষণব্যবস্থা; বন্দর ও বিমানবন্দরের তাপমাত্রা-নিয়ন্ত্রিত গুদাম।

এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণব্যবস্থা ইন্টারনেটের সাথে যুক্ত থাকলে এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করা হলে সাইবার হামলার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে খাদ্য সংরক্ষণব্যবস্থা আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত পণ্যের আর্থিক মূল্য ছাড়াও খাদ্য সরবরাহ, বাজারদর ও জনস্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। তবে বাংলাদেশের হিমাগার বা খাদ্যগুদামগুলোতে এ ধরনের হামলা ইতোমধ্যে ঘটেছে- এমন দাবি করার মতো তথ্য নেই। এটি হতে পারে সম্ভাব্য ঝুঁকি এবং আগাম প্রস্তুতির বিষয়।

গ. হাসপাতাল, রক্তব্যাংক ও ওষুধ সরবরাহ : ফ্রান্সের ইএফএসের ঘটনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল, রক্তব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ সংরক্ষণাগারে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ডিজিটাল পর্যবেক্ষণব্যবস্থা গুরুত্বপূর্ণ।

একটি হাসপাতালের রক্ত সংরক্ষণাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হলে জরুরি অস্ত্রোপচার, প্রসূতি চিকিৎসা, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি সেবায় সমস্যা তৈরি হতে পারে। এখানে শুধু সাইবার নিরাপত্তা নয়, বিকল্প ব্যবস্থা রাখাও জরুরি। ডিজিটাল নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হলেও যেন স্বাধীন তাপমাত্রা সেন্সর, বিকল্প অ্যালার্ম ও ম্যানুয়াল নিয়ন্ত্রণের মাধ্যমে বিপদ শনাক্ত করা যায়, সেই সক্ষমতা থাকতে হবে।

ঘ. বন্দর, সমুদ্রবন্দর ও সরবরাহব্যবস্থা : চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। আমদানি-রফতানি, কনটেইনার ব্যবস্থাপনা, কাস্টমস, জাহাজ চলাচল ও পণ্য পরিবহনে ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়ছে। এসব ব্যবস্থায় সাইবার হামলা হলে শুধু বন্দর অচল হওয়ার বিষয় নয়, বরং দেশের আমদানি-রফতানি, শিল্পের কাঁচামাল সরবরাহ, খাদ্য আমদানি ও রফতানি আয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি বন্দর কয়েক দিন অচল থাকলে তার প্রভাব বন্দরের সীমানা ছাড়িয়ে ব্যাংক, বীমা, পরিবহন, শিল্প ও বৈদেশিক বাণিজ্যে ছড়িয়ে পড়তে পারে।

ঙ. ব্যাংকিং ও আর্থিক অবকাঠামো : বাংলাদেশের ব্যাংকিং খাত ইতোমধ্যে ডিজিটাল লেনদেন, অনলাইন ব্যাংকিং, কার্ড, মোবাইল আর্থিক সেবা ও আন্তঃব্যাংক পেমেন্টের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর সাথে যুক্ত রয়েছে- ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্ক; পেমেন্ট ও নিষ্পত্তি ব্যবস্থা; ডাটা সেন্টার; এটিএম ও কার্ড নেটওয়ার্ক; তৃতীয় পক্ষের প্রযুক্তি সরবরাহকারী; আর্থিক প্রতিষ্ঠানের ব্যাকআপ ও পুনরুদ্ধার ব্যবস্থা। ব্যাংকিং খাতে সাইবার হামলার প্রভাব শুধু অর্থ চুরিতে সীমাবদ্ধ নয়। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে একটি বিশেষ ঝুঁকি হলো, একাধিক প্রতিষ্ঠানের একই প্রযুক্তি সরবরাহকারী বা সেবা প্রদানকারী থাকলে একটি দুর্বল প্রবেশপথ থেকে অনেক প্রতিষ্ঠান আক্রান্ত হতে পারে।

ফ্রিজার কেন জাতীয় নিরাপত্তার লক্ষ্যবস্তু?

বণিক বার্তা

‘বিলম্বিত জ্বালানি রূপান্তরের কারণে বছরে ন্যূনতম ক্ষতি প্রায় ৩ বিলিয়ন ডলার’—এটি দৈনিক বণিক বার্তার প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, দেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের ভুল পরিকল্পনা ও রূপান্তরে ধীরগতির মাশুল দিতে হচ্ছে উচ্চ মূল্যে আমদানির মাধ্যমে। অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে স্থবিরতা, সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে না পারা, গ্যাসের অপচয় নিয়ন্ত্রণে ব্যর্থতা, ফার্নেস অয়েল বিদ্যুৎ কেন্দ্র এবং ডিজেলচালিত সেচ পাম্পের ওপর নির্ভরতা—সব মিলিয়ে এ খাতে এখন বাড়তি ব্যয়ের বোঝা। জ্বালানি বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, বিদ্যমান সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগানো গেলে যুদ্ধ-পূর্ববর্তী আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় প্রতি বছর অন্তত ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের জ্বালানি ব্যয় সাশ্রয় করা সম্ভব ছিল। আর বর্তমান বাজারদরে এ সাশ্রয়ের পরিমাণ আরো বেশি হতে পারে।

জ্বালানি ব্যয়ের বড় অংশই এখন এলএনজি আমদানিতে চলে যাচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ৯৮০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে ৩৫২ বিসিএফ এসেছে আমদানীকৃত এলএনজি থেকে, যা মোট সরবরাহের প্রায় ৩৬ শতাংশ। অথচ ২০১৮ সালে এলএনজি আমদানি শুরুর অর্থবছর ২০১৮-১৯-এ মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ১ হাজার ৭৮ বিসিএফ। ওই সময় এলএনজি থেকে সরবরাহ করা হয়েছিল ১১৩ বিসিএফ, যা মোট সরবরাহের প্রায় ১১ শতাংশ। অর্থাৎ সাত বছরের ব্যবধানে দেশে গ্যাস সরবরাহের পরিমাণ কমলেও এলএনজির ওপর নির্ভরতা তিন গুণের বেশি বেড়েছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমে যথাযথ বিনিয়োগ ও উদ্যোগ নেয়া গেলে এ নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব ছিল। তাদের হিসাব অনুযায়ী, বছরে অন্তত ১৫০ বিসিএফ গ্যাস স্থানীয়ভাবে অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে সরবরাহ করা গেলে সমপরিমাণ এলএনজি আমদানি এড়ানো যেত। যুদ্ধ-পূর্ববর্তী কয়েক বছরের আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি আমদানিতে গড়ে ব্যয় হয়েছে সাড়ে ১১ ডলার। সে হিসাবে ১৫০ বিসিএফ গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানি না করা হলে বছরে প্রায় ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব ছিল।

উচ্চ মূল্যের জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর আরেকটি বড় সুযোগ ছিল শিল্প-কারখানার ছাদে সৌরবিদ্যুতের সম্প্রসারণ। ২০১০ সালে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সে অনুযায়ী ধারাবাহিক অগ্রগতি হলে এতদিনে আরো অন্তত ২ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা তৈরি করা সম্ভব ছিল। কিন্তু সৌর প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে উচ্চ শুল্ক, নীতিগত অসংগতি এবং পর্যাপ্ত প্রণোদনার অভাবে এ সম্ভাবনা বাস্তবায়ন হয়নি।

বিশেষজ্ঞদের মতে, ওই পরিমাণ সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলা গেলে দিনের বেলায় বিদ্যুৎ উৎপাদনে তেলভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমানো যেত। এতে বছরে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার জ্বালানি তেল সাশ্রয়ের সুযোগ ছিল, যা ডলারে প্রায় ৩৫ কোটি।

সরকারি হিসাবে দেশে বর্তমানে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ৫০০ মেগাওয়াটের মতো। তবে আন্তর্জাতিক জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) হিসাবে, দেশে এ খাতে প্রায় ১ হাজার মেগাওয়াট সক্ষমতা তৈরি হয়েছে। এর মধ্যে ৬৬৭ মেগাওয়াটই বৃহৎ শিল্প-কারখানার ছাদে স্থাপিত। বাকি সক্ষমতা রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি: আগুন ককটেল আতঙ্ক ছড়াচ্ছে’। প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে গতকাল মঙ্গলবার সারা দেশে অন্তত ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিন জেলায় বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আগুনে ফরিদপুরে এক বাসচালক নিহত হয়েছেন। আগুনে পুড়েছে পুলিশের একটি গাড়িও।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পাওয়া যায় গ্রেনেডসদৃশ দুটি বস্তু। এসব ঘটনায় সারা দেশে ৩৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাত ৮টা পর্যন্ত গাজীপুরে তিনটি, নওগাঁ ও চট্টগ্রামে দুটি করে এবং ফরিদপুর, সাভার, ধামরাই, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, খাগড়াছড়িতে একটি করে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বরগুনায় একটি ট্রাক, গাজীপুরে একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলায়, খুলনায় এবং খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়।

রাজধানীতে বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরে আগুনে বাসচালকের মৃত্যু

ফরিদপুরে গভীর রাতে পার্ক করে রাখা কিশোর-তন্ময় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমিয়ে থাকা বাসচালক কালাচান শেখ (৫৫) মারা যান। পুরো বাসটি পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে গোয়ালচামটের পৌর বাস টার্মিনালের কাছে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত কালাচান শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। কালাচান শেখ গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতেন। তবে রাতে দেরি হয়ে গেলে বাসেই ঘুমাতেন।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, আগুনে ঘুমিয়ে থাকা কালাচানের একটি হাত পুড়ে যায়। তিনি তখন দৌড়ে বাস থেকে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে এসে পেট্রল ঢেলে বাসে আগুন দেয়। কালাচান মূলত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

দেশ রূপান্তর

‘সম্পর্ক গভীরে ঐকমত্য’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করা, বাণিজ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ ঐকমত্য হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তুরস্কের পর্যটন নগর আনতালিয়ায় বাংলাদেশ সময় রাত ১০টার পর এ বৈঠক শুরু হয়; চলে প্রায় আধা ঘণ্টা।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তুরস্কের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে তুরস্কের সহযোগিতা চান। এরদোয়ানকে উদ্ধৃত করে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে-বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ অব্যাহত রাখলে উভয় দেশই উপকৃত হবে।

তুর্কি প্রেসিডেন্ট বৈঠকে তারেক রহমানকে জানান, কক্সবাজারের আশ্রিত ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি যেন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে থাকে, তা নিশ্চিত করতে তার দেশ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের প্রভাব গভীরভাবে অনুভব করছে, তা উল্লেখ করে এরদোয়ান বলেন, বন্যা ব্যবস্থাপনা ও টেকসই অবকাঠামোর মতো খাতে বাংলাদেশের প্রয়োজনীয় প্রকল্পগুলোর বিষয়টি ‘কপ৩১’ জলবায়ু সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তুরস্ক আশা করে তাদের ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ উদ্যোগটি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। স্থানীয় ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপস্থিত ছিলেন।

দুই মাসেরও কম সময়ে দুই সরকার প্রধানের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্কের স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল পৌঁছান। দুই ঘণ্টা ইস্তাম্বুলে ট্রানজিটের পর অন্য একটি ফ্লাইটে তিনি বিকেল ৪টার দিকে আনতালিয়া পৌঁছান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম আনতালিয়া বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় তারেক রহমান ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। এতে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলো দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার ভোরে দেশে ফেরার কথা রয়েছে।

এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ : তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল মঙ্গলবার আন্তালিয়ায় জলবায়ু সম্মেলন চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের কথা উল্লেখ করে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জুবাইদা রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন এমিনে এরদোয়ান।

বাংলাদেশ প্রতিদিন

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘কঠোর সরকার, সতর্ক বিএনপি’। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে বিএনপি ও সরকার। এ ক্ষেত্রে রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার কৌশল নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন দলটি।

সরকারের তরফ থেকে আইনের কঠোর প্রয়োগ করে নাশকতাকারীদের গ্রেপ্তার, দেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রাখা এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজপথে সক্রিয় থেকে জনজীবন স্বাভাবিক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং একে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার ছক রুখে দিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও ক্ষমতাসীন দলটি। নিষিদ্ধ দলটির ঝটিকা মিছিল ও নাশকতার ধরন বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির পরিবর্তে এলাকাভিত্তিক কর্মসূচি দেওয়া কৌশল নিয়েছে বিএনপি।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিদিন ককটেল ফুটিয়ে, বোমাবাজি কিংবা জনমনে আতঙ্ক তৈরি করে শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন কখনোই সফল হবে না। তাঁর এই অপচেষ্টা রাজপথ এবং আদালতের কঠোর আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে নস্যাৎ করবে বিএনপি ও সরকার। তিনি বলেন, অস্থিতিশীলতা বা নাশকতার পথ বেছে নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে ও আইনি উপায়ে নস্যাৎ করা হবে।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ডের অবস্থান কঠোর। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে দলটির এ অবস্থান স্পষ্ট হয়েছে। গত ৯ নভেম্বর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাজপথে আছি এবং আমাদের রাজপথেই থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ এ ছাড়াও বিএনপির প্রতিটি বৈঠক থেকে নেতা-কর্মীদের রাজপথে সরব থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিশাল র‌্যালির মাধ্যমে শোডাউন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার পরিচালনার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখা ও জনজীবন বিঘ্নিত হতে না দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে বিএনপি। নিষিদ্ধ আওয়ামী লীগ যদি গোপনে বা প্রকাশ্যে অস্থিতিশীলতা তৈরির কোনো চেষ্টা করে, তবে রাজপথেই রাজনৈতিকভাবে তা প্রতিহত করার বার্তা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের নির্দেশনার পর কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান করে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছেন।

এলাকাভিত্তিক কর্মসূচি দিয়ে নাশকতা প্রতিহত করার পরিকল্পনা : আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঝটিকা হামলা কিংবা গোপন অপতৎপরতা সব এলাকায় এক রকম নয়। তাই সারা দেশে কেন্দ্র থেকে একই ধরনের কর্মসূচি ঘোষণা না করে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি সাজানো হচ্ছে। যেসব এলাকায় নাশকতার ঝুঁকি বা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা বেশি, সেখানে স্থানীয় বিএনপির উদ্যোগে পথসভা, জনসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে-যাতে সাধারণ মানুষ আতঙ্কমুক্ত থেকে দৈনন্দিন কাজ ও ব্যবসাবাণিজ্য চালিয়ে যেতে পারে। বিএনপির হাইকমান্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের প্রধান অগ্রাধিকারগুলো হলো অর্থনীতি ও বাজার সচল রাখা। এ ক্ষেত্রে বন্দর, কলকারখানা, পরিবহন যোগাযোগব্যবস্থা ও ব্যবসাবাণিজ্য যেকোনো মূল্যে স্বাভাবিক রাখা। জননিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সরকার কঠোর। এ ক্ষেত্রে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ বা সরকারি-বেসরকারি সম্পদে হাত দিলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। আইনি প্রক্রিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা।