মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়

ভারতের মুখপাত্র রণধীর বললেন

মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসের উভয় কক্ষে জয়লাভ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পরাজিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছে ভারত। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। তবে দেশটির রাজনৈতিক অঙ্গনে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি শক্তিশালী দ্বিদলীয় সমর্থন রয়েছে বলে জোর দিয়েছে নয়াদিল্লি। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমার সুনির্দিষ্ট কোনো মন্তব্য নেই। তবে আমি জোর দিয়ে বলতে চাই, যুক্তরাষ্ট্রে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রতি শক্তিশালী দ্বিদলীয় সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের দুই বছর পূর্ণ হওয়ার আগেই রিপাবলিকান পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষে পরাজিত হয়েছে। এটি ট্রাম্পের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ওপর গণভোট হিসেবে ব্যাপকভাবে বিবেচিত এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্র ও বিশ্ব, এমনকি ভারতের ওপর প্রভাব ফেলা তার বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে বড় ধরনের রায় দিয়েছেন ভোটাররা। গত দুই বছরে শুল্ক, বাণিজ্য, ভিসা বিধিনিষেধ, বহিষ্কার এবং পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্থান-পতন দেখা গেছে।

বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণকারী মার্কিন ফেডারেল সংস্থা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) নিয়মিত মন্তব্যও নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে। ইউএসসিআইআরএফের সর্বশেষ মন্তব্যের জবাবে জয়সওয়াল বলেন, আমি আগেও বলেছি, ইউএসসিআইআরএফ একটি পক্ষপাতদুষ্ট ও অজ্ঞতাপূর্ণ সংস্থা, যার প্রকাশ্য রাজনৈতিক এজেন্ডা রয়েছে। বিশেষ করে লক্ষণীয় যে, ইউএসসিআইআরএফ এবং এর কমিশনাররা যুক্তরাষ্ট্রে ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভারতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে লক্ষ্যবস্তু করে চালানো বিদ্বেষমূলক অপরাধ ও বর্ণবাদী নির্যাতনের বিষয়ে ধারাবাহিকভাবে নীরব থেকেছেন। পক্ষপাতদুষ্ট কোনো প্রতিষ্ঠানকে গুরুত্বের সঙ্গে নেয়া যায় না।

গত সপ্তাহে এক্সে দেয়া এক পোস্টে ইউএসসিআইআরএফ তাদের কমিশনার ডেভিড অ্যান্ডারসনের বক্তব্য উদ্ধৃত করে। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে ভারতে শিখ গুরুদ্বারগুলোতে উগ্র জনতার হামলা হয়েছে, যার মধ্যে ধর্মীয় নেতাদের ক্ষতি করার চেষ্টাও রয়েছে। ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাসের স্বাধীনতা চর্চায় বাধা সৃষ্টিকারী সহিংসতার বিরুদ্ধে ভারত সরকারের পদক্ষেপের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা সহায়তা যুক্ত করা উচিত। কমিশনের আরেক সদস্য জো গ্রোগানের বক্তব্যও উদ্ধৃত করা হয়। তিনি বলেন, ভারতে গির্জা, গুরুদ্বার ও মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ে হামলা আন্তর্জাতিক আইনে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারকে ক্ষুণ্ন করে। এ ধরনের সহিংসতার অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং উপাসনালয়গুলো সুরক্ষিত রাখার জন্য যুক্তরাষ্ট্র সরকারের উচিত ভারত সরকারের ওপর চাপ অব্যাহত রাখা।

ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন কঠিন সময় পার করছে, তখন যোগাযোগের চ্যানেল খোলা রাখতে নয়াদিল্লি লবিস্ট নিয়োগ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস ৭ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ)-এর নথি থেকে জানা গেছে, লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি ২০২৬ সালের মে ও জুন মাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করে। এফএআরএ-সংক্রান্ত নথি সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে কূটনৈতিক মিশনগুলোর জন্য লবিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা এবং তাদের মাধ্যমে মার্কিন প্রশাসন, কংগ্রেসের সদস্য ও অন্যান্য প্রাসঙ্গিক পক্ষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানো স্বাভাবিক প্রথা। অতীতের নথিতেও লবিস্টদের মাধ্যমে মার্কিন প্রশাসনের নেতাদের ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বহু উদাহরণ রয়েছে। তাই এ বিষয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। তিনি বলেন, এ ধরনের যোগাযোগ যুক্তরাষ্ট্রের প্রযোজ্য আইন, বিশেষ করে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ) অনুসারে করা হয়। এই আইনের আওতায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রকাশ করা হয়। ১৯৪৮ সাল থেকেই ওয়াশিংটন ডিসিতে ভারত লবিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে আসছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে খালিস্তানি আন্দোলনকারী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা মামলাও প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একটি মার্কিন ফেডারেল আদালত পান্নুনকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং সাবেক রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-প্রধান সামন্ত গোয়েলের কাছে ভারতীয় আদালতের মাধ্যমে সমন জারির প্রক্রিয়া এগিয়ে নেয়ার অনুমতি দেয়ার পর এ প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ আক্রমণ প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে আমরা ভিত্তিহীন মামলাগুলোও প্রত্যাখ্যান করছি। ভারতে বিচারিক নথি জারির কোনো অনুরোধ কেবল ভারতের মনোনীত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো যেতে পারে। সেই কর্তৃপক্ষ হলো আইন ও বিচার মন্ত্রণালয়। নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের একটি আদেশের সঙ্গে এ ঘটনা সম্পর্কিত। পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় ওই আদেশ দেয়া হয়েছে।