ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনার অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হয়েছে কংগ্রেসে। এখন যে কংগ্রেস আছে তাতে দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা। ফলে কেনটাকি রাজ্যের বিদ্রোহী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসির উত্থাপিত এ উদ্যোগ কার্যত আপাতত শেষ হয়ে গেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য অভিশংসনের প্রস্তাবটি একটি কমিটিতে পাঠানোর পক্ষে সম্মতি দিয়েছেন। ছয় মাসের মধ্যে প্রথমবার পেন্টাগনে সংবাদ সম্মেলনে হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ এবং ‘নাশকতা’ বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ক্যাবিনেটের এই সদস্যকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে শেষ পর্যন্ত পদ থেকে সরানোর উদ্যোগটি শুরু থেকেই অনেকটা অসম্ভব বলে বিবেচিত হচ্ছিল। কারণ, এ উদ্যোগ সফল হতে হলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে বেশ কয়েকজন রিপাবলিকানকে এগিয়ে আসতে হতো। মঙ্গলবার অভিশংসন প্রস্তাবটি রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর বিপক্ষে ভোট দিয়েছেন একমাত্র রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি।
২১১-২০৪ ভোটে তার উদ্যোগ ব্যর্থ হয়েছে। ভোটাভুটিতে ১১ জন ডেমোক্রেটসহ এক ডজনেরও বেশি সদস্য অনুপস্থিত ছিলেন। প্রস্তাবটি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত কার্যত অভিশংসনের উদ্যোগকে শেষ করে দিয়েছে। কারণ, আগামী জানুয়ারিতে ডেমোক্রেটরা ক্ষমতা গ্রহণের আগে বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ভোটের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন, অভিশংসনের উদ্যোগ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। হেগসেথকে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, আবারও ভেনেজুয়েলা ও ইরানে বিজয়, সামরিক বাহিনীতে ইতিহাসের সেরা নিয়োগসংখ্যা (যোগদানের জন্য দীর্ঘ অপেক্ষমাণ তালিকা!), এবং বিরল এক উদ্দীপনা- এসবের ফলে একজন মহান মার্কিন দেশপ্রেমিকের দায়মুক্তি নিশ্চিত হয়েছে।
ম্যাসি আগেই স্বীকার করেন, তার অভিশংসন উদ্যোগ তাৎক্ষণিকভাবে সফল নাও হতে পারে। তবে তিনি যুক্তি দেন, এর মাধ্যমে ডেমোক্রেটরা নিজেদের অভিশংসন প্রক্রিয়া শুরু করার আগেই হেগসেথকে সরিয়ে দিতে চাপ দেয়া সম্ভব হতে পারে ট্রাম্পের ওপর। কেনটাকির এই কংগ্রেস সদস্য আরও বলেছেন, এখনই হেগসেথকে সরিয়ে দিলে রিপাবলিকানরা ক্ষমতায় থাকা অবস্থায় সিনেটকে তার স্থলাভিষিক্ত ব্যক্তির নিয়োগ অনুমোদনের সময় দেয়া যাবে। অভিশংসনের প্রস্তাব কংগ্রেসের মেয়াদ শেষ হওয়ার পরও বহাল থাকতে পারে। ফলে আগামী বছর ডেমোক্রেটরা এ উদ্যোগ নিয়ে এগোতে পারবেন।
মধ্যবর্তী নির্বাচনে সফলতার পর আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্রেটরা। এর আগে দিনের শুরুতে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান মাইক জনসন পূর্বাভাস দেন, হেগসেথকে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হবে। সোমবার প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত অভিশংসনের আটটি ধারায় ম্যাসি বলেছেন, আইনপ্রণেতাদের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে হেগসেথ ‘আইন ভঙ্গ করছেন এবং তাকে জবাবদিহির আওতায় আনতে হবে’। অভিশংসনের ধারাগুলোতে আরও অভিযোগ করা হয়েছে, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক বহন করছে বলে সন্দেহ করা নৌযানগুলোর বিরুদ্ধে মার্কিন অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তদারক করেছেন হেগসেথ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ট্রাম্প প্রশাসনের একজন বিরোধী, যিনি ক্ষুব্ধ ও পরাজিত, তার রাজনৈতিক নাটক হিসেবেই তাকে অভিশংসনের চেষ্টা করা হচ্ছে। হেগসেথ আরও দাবি করেন, ম্যাসির প্রস্তাব জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছে। কারণ, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের কাছে এই বার্তা পৌঁছেছে যে, আইনসম্মত সামরিক অভিযান সফলভাবে পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র নিজের যোদ্ধাদের এবং বেসামরিক নেতৃত্বকে শাস্তি দেবে। তিনি বলেন, এটি দেশপ্রেম নয়। এটি নাশকতা। সোমবার হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে আকস্মিক উপস্থিতিতে ট্রাম্প যেসব বক্তব্য দেন, সেগুলোর কয়েকটির পুনরাবৃত্তি করেছেন হেগসেথ। এর মধ্যে সামরিক বাহিনীতে নিয়োগ বৃদ্ধির বিষয়টিও ছিল। তবে হেগসেথ বলেন, ম্যাসির প্রস্তাবের পেছনে নীতিগত মতপার্থক্য রয়েছে, গুরুতর অপরাধ নয়, অসদাচরণ নয়, রাষ্ট্রদ্রোহ নয়, ঘুষ নয়, কিংবা সংবিধানের অভিশংসন ধারায় প্রতিষ্ঠাতারা যে ধরনের অপরাধের কথা ভেবেছিলেন, সেগুলোর কোনোটি নয়।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্পের সমালোচনা করে আসছেন ম্যাসি। চলতি বছরের শুরুতে ট্রাম্প-সমর্থিত এক প্রতিদ্বন্দ্বীর কাছে পুনর্নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। এর আগে মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথি প্রকাশের দাবি জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন হয়েছিলেন ম্যাসি। আপাতত রাজনৈতিকভাবে টিকে গেছেন হেগসেথ। তবে রিপাবলিকানদের কয়েকজনসহ অনেক আইনপ্রণেতাই প্রশ্ন তুলেছেন, ট্রাম্প প্রশাসনে তিনি আর কতদিন টিকে থাকতে পারবেন। মঙ্গলবার রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেছেন, তার ধারণা হেগসেথ পদত্যাগ করবেন অথবা ট্রাম্প তাকে বরখাস্ত করবেন।
