গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে টুঙ্গিপাড়াসহ অন্যান্য উপজেলা। গোপালগঞ্জ-পাটগাতী সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাটগাতী উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
ভাঙচুর করা হয় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টুঙ্গীপাড়া থানার ওসি আইয়ুব আলী মানবজমিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপারের (এডিশনাল এসপি) গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
