চাটমোহরে গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার লুট

চাটমোহরে গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার লুট

ফন্ট সাইজ:

পাবনার চাটমোহরে সার বিতরণের সময় ডিলার পয়েন্ট থেকে ৬০০ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে ডিলার প্রদীপ কুমারের গোডাউন থেকে এ লুটপাটের ঘটনা ঘটে। বিপুলসংখ্যক কৃষক সারের জন্য ভোর থেকে লাইন ধরেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

সকাল থেকে চাটমোহরের ছাইকোলা বাজারে ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণ চলছিল প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে। ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ ১ হাজার ১৮১ বস্তা সার ছিল পয়েন্টে। বিতরণের লক্ষ্যে এরই মধ্যে ১৭১টি মেমো কাটা হয়। অন্যদিকে একই এলাকায় বিএডিসি ডিলার হবিবুর রহমান ও রহমত আলী নামের অপর দুই সার ডিলারের পয়েন্টে সার শেষ হয়ে গেলে ওই দুই পয়েন্ট থেকে হাজারো কৃষক ভিড় জমান প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে।

এরমধ্যে বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ সেখানে থাকা কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ওই ডিলার পয়েন্টে থাকা প্রায় ৬০০ বস্তা সার যে যার মতো লুটপাট করে নিয়ে যায়। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্যে করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে বিপুলসংখ্যক সারের বস্তা লুটপাটের হাত থেকে রক্ষা পায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে গেছে বিক্ষুব্ধ কৃষকরা। সারের কোনো সংকট নেই। অথচ বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাটের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বাকি সারের বস্তাগুলো লুটপাটের হাত থেকে রক্ষা পায়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন, কোথাও কোনো সার সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ঘটনা ঘটানো হয়েছে। সার ফেরত বা সমপরিমাণ টাকা ডিলারকে দেয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার ফেরত বা টাকা না দিলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান— তিনি।