সুনামগঞ্জের তাহিরপুরে প্রকাশ্যে সমাবেশে ভাষণ দিয়ে গেলেন পলাতক আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার। তিনি সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অর্ধশতাধিক মামলার হুলিয়া রয়েছে তার উপর। এক সময় সিলেটে সন্ত্রাস, রাহাজানির নায়ক ছিলেন তিনি। রণজিৎ সরকারের সমাবেশকে ঘিরে তোলপাড় চলছে সিলেট ও সুনামগঞ্জে। তবে প্রশাসন বলছে; তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। এদিকে রণজিৎ সরকারের সমাবেশের ভিডিও ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত রোববার থেকে হঠাৎ করেই আওয়ামী ঘরানার নেতাকর্মীদের ফেসবুক আইডিতে পলাতক রণজিৎ সরকারকে নানা স্ট্যাটাস দেয়া হচ্ছে।
এতে বলা হচ্ছে; ‘রণজিৎ সরকার একজনই।’ এসব স্ট্যাটাসের কোনো কারণ তাৎক্ষণিক জানা না গেলেও গতকাল সোমবার বিকালে স্পষ্ট হয়েছে। সিলেট আওয়ামী লীগের পলাতক এ নেতা রোববার ভারতের সীমান্ত এলাকা পাড়ি দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে এসে সমাবেশ করেছেন। আর সমাবেশের পরপরই তিনি সিলেট সীমান্ত দিয়ে ফের ভারতে চলে গেছেন। গণ-অভ্যুত্থানের আগে এমপি ছিলেন রণজিৎ সরকার। প্রতাপশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। বাড়ি সুনামগঞ্জে। টিলাগড় থেকে পূর্ব সিলেটে ছিল তার রাজত্ব। টিলাগড়ের নিয়ন্ত্রক ছিলেন তিনি। নানা কর্মকাণ্ডের কারণে সিলেটে বিতর্কিত ছিল রণজিৎ ও তার গ্রুপের নেতাকর্মীরা। ফলে গণ-অভ্যুত্থানের পরপরই সিলেটে ক্ষোভের আগুনে পুড়েছে রণজিতের টিলাগড়ের গোপাল টিলার বাসা। দফায় দফায় সেটি ভাঙচুর করা হয়েছে। রণজিৎ সরকার অভ্যুত্থানের দিনই সিলেট ছেড়েছিলেন। সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তিনি পাড়ি জমান লন্ডনে। প্রায় দেড় বছর লন্ডনে কাটিয়েছেন রণজিৎ। পলাতক হওয়ার পর লন্ডনেই মিলে তার প্রথম দেখা। মাসখানেক ধরে ফের আলোচনায় রণজিৎ।
দলের পলাতক থাকা নেতাকর্মীরা জানিয়েছেন— রণজিৎ সরকার মাসখানেক আগে লন্ডন থেকে নেপাল হয়ে ভারতে ফিরে আসেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি রয়েছেন। এরই মধ্যে গোপনে নিজ এলাকা তাহিরপুরে গোপনে একটি সমাবেশের আয়োজন করেন তিনি। সেই সমাবেশে যোগ দিতে শনিবার রাতে তিনি সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সূত্র বলছে; গোয়াইনঘাটের লামাপুঞ্জি দিয়ে বাংলাদেশে ঢুকেন রণজিৎ সরকার। এরপর গাড়িযোগে তিনি রাতারগুল হয়ে সুনামগঞ্জে যান। রোববার দিন তিনি নিজ এলাকা তাহিরপুরে অবস্থান করছিলেন। সন্ধ্যার পর তিনি তাহিরপুরের নির্জন একটি খোলা স্থানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে; রণজিৎ সরকার ভাষণ দেয়ার সময় তার সামনে শতাধিক নেতাকর্মী চেয়ারে বসা ছিলেন। আর মঞ্চে একা দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন রণজিৎ সরকার। কোনো একটি নির্জন স্থানে সে সভার আয়োজন করা হয়। রণজিৎ সরকার যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চের আশপাশে নেতাকর্মীরা পাহারায় ছিলেন।
ভারতে থাকা রণজিৎ গ্রুপের কয়েকজন ছাত্রলীগ নেতা জানিয়েছেন— রণজিৎ সরকার রাতে অনুষ্ঠানের পর সীমান্ত দিয়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। দেশে এসে সভা করার চ্যালেঞ্জ নিয়ে তিনি সুনামগঞ্জে এসেছিলেন। একদিন পর ফিরে গেছেন। দেশে থাকা নেতাকর্মীরা তাকে সীমান্ত থেকে গ্রহণ করেন। এদিকে- রঞ্জিত সরকার সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে প্রবেশের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক। তিনি মানবজমিনকে জানিয়েছেন— এ ধরনের সুনির্দিষ্ট কোনো খবর তার কাছে ছিল না। তবে উড়ো খবর ছিল। সেগুলো রোববার রাতেই কয়েক দফা যাচাই করেছেন। প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়েছেন। সীমান্ত দিয়ে কেউ আসার খবরের সত্যতা পাওয়া যায়নি। তাহিরপুর থানার ওসি (তদন্ত) সুশঙ্কর পাল গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন— তাহিরপুরে আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানের খবর তার কাছে নেই।
রোববার রাতে তিনি উড়ো কিছু খবর পেয়েছিলেন। সিলেটের কোথাও অনুষ্ঠান হচ্ছে বলে উড়ো খবর এসেছিল। তার এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সূত্র বলছে; তাহিরপুর এলাকার নির্জন পল্লীতে অনুষ্ঠান করেছেন রণজিৎ সরকার। রাতের আঁধারে সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জের শীর্ষ নেতাদের ডেকে নিয়ে এ সভা করেন। সভার আয়োজনের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করার পর রণজিৎ সেখানে হঠাৎ করেই হাজির হন। বক্তব্য দিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আবার চলেও গেছেন।
