কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও পরিবারের কাছে অভিযোগ দেয়ার জেরে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে। ইমন নামে এক স্কুলছাত্র। স্কুল ছুটির পর বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় কিচেন ক্লাবের কাছে ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ কারণে পরিবারের সঙ্গে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে জাকিয়া।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় কালো শার্ট পরা ইমন নামে এক স্কুলছাত্র পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। জাকিয়া মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় ইমন। এ সময় জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা জাকিয়ার পেছন দিক থেকে এক তরুণ এগিয়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করছে। একপর্যায়ে জাকিয়া মাটিতে পড়ে গেলে ওই তরুণকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
জাকিয়ার পরিবারের অভিযোগ, শহরের মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে বিরক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ করে দেয় ইমন। পরিবারের ধারণা, ইমনের অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই জাকিয়াকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার স্কুল ছুটির পর আমার মেয়ে বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
