আজ তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আজ ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে ১০ থেকে ১২ই নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন। তথ্যমতে, আজ সকাল ৭টার দিকে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমোনোভিত, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিশ্চিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এবং দেশটির সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনের বিষয়ে কোনো সমঝোতা স্মারক স্বাক্ষর হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটি সামরিক সহযোগিতার অংশ। সামরিক সহযোগিতার কোন কোন ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নেয়া হবে, তা এখনো নির্ধারণ হয়নি। আলোচনা করেই এসব বিষয় ঠিক করা হবে।

তুরস্কের বিমান কোম্পানি চেলেবি’র সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল খাতে সহযোগিতার সম্ভাবনা এবং ঢাকার তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে অংশীদার হওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়, বরং সৌজন্য সাক্ষাৎ। এ ধরনের সাক্ষাতে সুনির্দিষ্ট বাণিজ্যিক বা সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না। সামগ্রিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে দুই পক্ষ আলোচনা করবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

আঙ্কারার একটি কূটনৈতিক সূত্র মানবজমিনকে জানান, ১১ই নভেম্বর জলবায়ু সম্মেলনের মূল পর্ব লিডারশিপ সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং উদ্যোগ তুলে ধরবেন। বক্তব্যে প্রধানমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক তহবিল পাওয়া যেন আরও সহজ হয় সে বিষয়েও গুরুত্ব দেবেন। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকটি ১২ই নভেম্বর হতে পারে। একই দিন সংশ্লিষ্ট কর্মব্যস্ততা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।