জ লবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বাংলাদেশের বর্তমান কঠিন বাস্তবতা। উপকূলের ভাঙন, লবণাক্ততার বিস্তার, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন এবং অসহনীয় তাপপ্রবাহ প্রতিনিয়ত মানুষের জীবন ও জীবিকার ওপর আঘাত হানছে। যে কৃষক একসময় নিজের জমিতে ফসল ফলিয়ে পরিবার চালাতেন, আজ তারা অনেকেই জমি হারিয়ে জীবিকার সন্ধানে শহরমুখী। যে পরিবার প্রজন্মের পর প্রজন্ম নদীর তীরে বসবাস করেছে, নদীভাঙন তাদের ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
এই বাস্তবতায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন, কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ (COP), বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বছরের পর বছর এসব সম্মেলনে অংশগ্রহণ, বক্তব্য প্রদান, দাবি উত্থাপন এবং বিভিন্ন চুক্তি ও ঘোষণায় সমর্থন জানানোর পর বাংলাদেশ আসলে কী অর্জন করেছে? আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কণ্ঠ কতোটা শক্তিশালী হয়েছে? আর দেশের অভ্যন্তরে জলবায়ু মোকাবিলার প্রস্তুতি কতোটা কার্যকর হয়েছে?
জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় ঐতিহাসিকভাবে অত্যন্ত সীমিত। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই বৈপরীত্যকে আন্তর্জাতিক আলোচনায় প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জলবায়ু কূটনীতি আন্তর্জাতিক পরিসরে একটি পরিচিত অবস্থান তৈরি করেছে। জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার প্রশ্নে বাংলাদেশ নিয়মিতভাবে নিজের অবস্থান তুলে ধরেছে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি এই আন্তর্জাতিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার অঙ্গীকার বিশ্ববাসীর সামনে নতুন প্রত্যাশা তৈরি করেছিল। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো নিজস্ব জলবায়ু অভিযোজন পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। ২০০৯ সালে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার মাধ্যমে নিজস্ব অর্থায়নে জলবায়ু মোকাবিলার একটি উদ্যোগ গ্রহণ করে। পরবর্তী সময়ে জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) এবং বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এই প্রস্তুতিকে আরও বিস্তৃত করেছে।
বিশেষত দুর্যোগের আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, উপকূলীয় জনগোষ্ঠীর প্রস্তুতি এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এই অর্জনগুলোকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। কারণ পরিকল্পনা তৈরি করা এবং পরিকল্পনা অনুযায়ী মানুষের জীবন বদলে দেয়া এক বিষয় নয়।
বাংলাদেশের জলবায়ু কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো ন্যায্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন। উন্নত শিল্পোন্নত দেশগুলো দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করে বৈশ্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। অথচ সেই নিঃসরণের পরিণতি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। বাংলাদেশের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা ঘউঈ ৩.০ বাস্তবায়নে ২০২৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত প্রায় ১১৬.১৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৯০.২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। অন্যদিকে, জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজনের কথা বলা হয়েছে। এই বিপুল অর্থের প্রয়োজনীয়তা বাংলাদেশের একার পক্ষে বহন করা কঠিন। অথচ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রক্রিয়া এখনো জটিল, ধীরগতির এবং অনেক ক্ষেত্রে ঋণনির্ভর।
বাংলাদেশের দাবি হওয়া উচিত, জলবায়ু সহায়তা যেন নতুন ঋণের বোঝা তৈরি না করে। অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ আবেদন প্রক্রিয়া, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থ ছাড়ের স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ জলবায়ু পরিবর্তনের দায় যার কম, তার ওপর প্রতিকারমূলক অর্থের ঋণ চাপিয়ে দেয়া কোনোভাবেই ন্যায়বিচার হতে পারে না।
COP২৭-এ ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য Loss and Damage Fund প্রতিষ্ঠার সিদ্ধান্ত ছিল জলবায়ু কূটনীতির একটি ঐতিহাসিক অগ্রগতি। দীর্ঘদিনের দাবি ও দর-কষাকষির পর অবশেষে জলবায়ু পরিবর্তনের ফলে অপূরণীয় ক্ষতির শিকার দেশগুলোর জন্য একটি স্বতন্ত্র অর্থায়ন কাঠামো তৈরির পথ উন্মুক্ত হয়। কিন্তু তহবিল প্রতিষ্ঠা করাই যথেষ্ট নয়। প্রশ্ন হলো, সেখানে পর্যাপ্ত অর্থ আছে কিনা, অর্থ পাওয়ার প্রক্রিয়া কতোটা সহজ এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সেই অর্থ কতো দ্রুত পৌঁছায়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে পরিবারটি বসতভিটা হারিয়েছে, যে কৃষক লবণাক্ততার কারণে জমিতে ফসল ফলাতে পারছেন না, কিংবা যে জেলে জীবিকার উৎস হারিয়ে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছেন, তাদের কাছে আন্তর্জাতিক ঘোষণার চেয়ে কার্যকর সহায়তা অনেক বেশি জরুরি। ক্ষয়ক্ষতির তহবিলের সাফল্য তাই সম্মেলনের মঞ্চে ঘোষিত অর্থের পরিমাণ দিয়ে নয়, বরং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন, হারানো জীবিকার পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত জনপদের পুনরুদ্ধার দিয়ে বিচার করতে হবে।
বাংলাদেশের জলবায়ু নীতিতে সবচেয়ে বড় দুর্বলতা হলো পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান।
একদিকে জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু ট্রাস্ট ফান্ড, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং আন্তর্জাতিক অর্থায়নের দাবি রয়েছে; অন্যদিকে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট, নদীভাঙন, অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা এবং জীবিকার অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
প্রথমত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দকৃত অর্থের ব্যবহার কতোটা স্বচ্ছ? প্রকল্প নির্বাচন থেকে বাস্তবায়ন এবং মূল্যায়ন পর্যন্ত স্বাধীন জবাবদিহির ব্যবস্থা কতোটা কার্যকর? দ্বিতীয়ত, জলবায়ু প্রকল্পের সুবিধা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, তা যাচাই করার কার্যকর ব্যবস্থা রয়েছে কি? তৃতীয়ত, স্থানীয় সরকার, পরিবেশবিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়, নাগরিক সমাজ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী নীতিনির্ধারণে কতোটা অংশগ্রহণ করতে পারছে? চতুর্থত, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার সুস্পষ্ট জাতীয় কাঠামো কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন নাগরিক সংগঠন জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসব অভিযোগ ও পর্যবেক্ষণকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জলবায়ু মোকাবিলার অর্থ যদি প্রশাসনিক জটিলতা, অদক্ষতা কিংবা দুর্বল তদারকির মধ্যে আটকে থাকে, তাহলে আন্তর্জাতিক অর্থায়ন বাড়িয়েও প্রত্যাশিত ফল পাওয়া কঠিন।
বাংলাদেশের জলবায়ু সংকটের সবচেয়ে মানবিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিক হলো জলবায়ুজনিত বাস্তুচ্যুতি। নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা এবং জীবিকার সংকটের কারণে বহু মানুষ নিজেদের বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। তাদের একটি অংশ ঢাকাসহ বড় শহরগুলোতে আশ্রয় নিচ্ছেন। ফলে শহরের বস্তি, অপরিকল্পিত আবাসন, কর্মসংস্থানের প্রতিযোগিতা এবং সামাজিক নিরাপত্তার ওপর নতুন চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশের উচিত জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের জন্য একটি সুস্পষ্ট জাতীয় নীতি গ্রহণ করা। সেখানে নিরাপদ আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে যারা নিজেদের বাড়িঘর হারাচ্ছেন, তাদের শুধু দুর্যোগের শিকার হিসেবে নয়, অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে দেখতে হবে।
২০২৬ সালের ৯ থেকে ২০শে নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে COP৩১। এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, অভিযোজনের জন্য অধিক অর্থ, খড়ংং ধহফ উধসধমব ঋঁহফ-এর কার্যকর বাস্তবায়ন এবং প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোজন অর্থায়ন তিন গুণ বৃদ্ধির দাবি তোলার প্রস্তুতির কথাও জানা গেছে। পাশাপাশি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য বজায় রাখা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহজ অর্থায়ন নিশ্চিত করার দাবি গুরুত্ব পাচ্ছে।
এই সম্মেলনে বাংলাদেশের সামনে দু’টি দায়িত্ব রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক পরিসরে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার প্রশ্নে ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থান গ্রহণ। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন কর্মসূচির বাস্তবায়নে দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করা। বাংলাদেশের উচিত শুধু অর্থের দাবি জানানো নয়, বরং সেই অর্থ কোথায় ব্যয় হবে, কারা উপকৃত হবে এবং কীভাবে ফলাফল পরিমাপ করা হবে, তারও একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা তুলে ধরা।
সম্মেলনের মঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর যতই উচ্চকিত হোক, দেশের প্রান্তিক মানুষের জীবনে তার প্রতিফলন না ঘটলে সেই অর্জন শেষ পর্যন্ত কূটনৈতিক সাফল্যের খাতায় সীমাবদ্ধ থেকে যাবে। জলবায়ু ন্যায়বিচার শুধু আন্তর্জাতিক আলোচনার দাবি নয়, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার।
