অটোরিকশাচালকদের বিক্ষোভ-অবরোধ

অটোরিকশাচালকদের বিক্ষোভ-অবরোধ

ফন্ট সাইজ:

সম্প্রতি সরকারের জারিকৃত ই-রিকশার নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও অবরোধ পালন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় তারা সচিবালয়, পুরানা পল্টন মোড়সহ প্রেস ক্লাব এলাকার বিভিন্ন জায়গায় অবস্থান নেন। সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্যরাও। বিক্ষোভে অংশ না নিয়ে রাস্তায় অটোরিকশা চালানোয় অন্য চালকদের বাধার মুখে পড়তে হয়েছে অনেক চালককে। এ সময় আন্দোলনে অংশ না নেয়া চালকদের অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দিয়েছেন আন্দোলনকারীদের কেউ কেউ।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রেস ক্লাব-পুরানা পল্টন সড়কের একপাশ বন্ধ হয়ে যায় আন্দোলনের ফলে। রাজধানীর কেন্দ্রে অবস্থিত গুলিস্তান এলাকার যাত্রীরা ভোগান্তিতে পড়ে যান এতে। মূলত বেলা ১১টা থেকে শ্রমিকরা পুরানা পল্টন মোড় অবরোধসহ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে যায় শ্রমিকদের একটি দল। ফলে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে তারা। স্মারকলিপি দিতে যাওয়া প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভাণ্ডারি।

কর্মসূচি সফল করতে দুইদিন ধরেই রাজধানীর বিভিন্ন রিকশার গ্যারেজে লিফলেট বিতরণ ও মাইকিং করেন শ্রমিক নেতাকর্মীরা। তাদের প্রচারপত্রে অন্যতম স্লোগান ছিল, ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।’ এর আগে সকাল থেকেই মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের তৎপরতা চালায়। এ সময় সড়কে চলাচল করা ব্যাটারিচালিত রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়া এবং চালকদের গ্যারেজে ফিরে যাওয়ার পাশাপাশি প্রেস ক্লাবের সামনে সমাবেশে যোগ দিতে বলা হয়।
সমাবেশ শুরুর আগে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, বিআরটিএ’র মাধ্যমে লাইসেন্স দেয়া, রুট পারমিট দেয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে। পুরানা পল্টন মোড়ে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।

পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য রাগীব মুন্না। তিনি বলেন, আমরা অন্যায় কিছু চাই না, আমরা কাজ চাই, আমরা বাঁচতে চাই। শাসকগোষ্ঠী মালিক ও ধনীদের স্বার্থ রক্ষা করবে আর গরিবের পেটে লাথি মারবে, তা হতে দেয়া হবে না। তিনি বলেন, শুধু রিকশা শ্রমিক নয়, হকার ও গার্মেন্টস শ্রমিকরাও নিজেদের অধিকারের দাবিতে জেগে উঠেছেন। যাদের ঘামে দেশের সম্পদ ও অর্থনীতি সচল থাকে, তাদের গুলি করে হত্যা করা হচ্ছে। এমন অন্যায় ব্যবস্থার ওপর ভিত্তি করে বাংলাদেশ চলতে পারে না।

সমাবেশে যোগ দিতে জোর-জবরদস্তি: প্রেস ক্লাবের সামনে সমাবেশ চলার সময় আশপাশের সড়কে অটোরিকশা চলাচল করা অটোরিকশার চালকরা সমাবেশে যোগ না দিয়ে অটোরিকশা চালানোর কারণে চালককে বাধা দেন আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকটি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দিতে দেখা যায় তাদের। এ সময় নারী-শিশুসহ যাত্রীদের মাঝপথেই নামিয়ে দিতে বাধ্য করা হয়েছে। এমনকি বাদ যায়নি অসুস্থ রোগীও। সমাবেশ চলাকালীন একজন অসুস্থ রোগী হুইলচেয়ারসহ রিকশায় চড়ছিলেন। এমন সময় প্রেস ক্লাব এলাকায় ওই রিকশাটি থামিয়ে তার ছিঁড়ে দেয় আন্দোলনকারীরা। এমনকি কর্মসূচিস্থল এড়িয়ে ভিন্ন রুটে দ্রুত চলে যেতে গিয়ে নারী যাত্রীসহ উল্টে যায় একটি অটোরিকশা।

অটোরিকশা সংকটে দ্বিগুণ ভাড়া আদায়: সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশার সংকট দেখা গেছে। এমন পরিস্থিতিতে অনেক যাত্রীই দীর্ঘক্ষণ রিকশা না পেয়ে ভোগান্তিতে পড়ে যান। এই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিগুণ বা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ভাড়া হাঁকিয়েছেন চালকরা। মগবাজার ওয়্যারলেস এলাকায় মেয়েকে নিয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন বাবা ফরিদুর রেজা। গন্তব্য কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। ফরিদ বলেন, সকালে যখন আসি, তখন তো একেবারেই রিকশা চোখে পড়েনি। ফেরার পথে সড়কে অল্প কিছু রিকশা থাকলেও তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো— ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন; বিআরটিএ’র মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও বৈধ কাগজপত্র প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ; নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে কমপক্ষে দুই বছর সময় দেয়া; শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করা; নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন; সড়কে লেন পদ্ধতি চালু, সার্ভিস লেন, রিকশা-সিএনজি-মোটরবাইক স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ; শ্রমিক নেতাদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার; শ্রমিকদের জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও স্বল্প দূরত্বের বাহন হিসেবে স্বীকৃতি দেয়া; নতুন শর্তে চালকদের ট্রেড লাইসেন্স প্রদান; সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণের ব্যবস্থা করা; শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া, গাড়ির জমা ও চার্জ কমানো; দেশের অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজি নিরাপদ করা এবং পর্যায়ক্রমে মানুষকে পেশিশ্রমের অমানবিক বোঝা থেকে মুক্ত করা।