চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে অবৈধভাবে বালুর স্তুপ করে রাখা হয়েছে। এছাড়া পাশেই ইটের স্ত্তূপ করে ব্যবসা চলছে। এতে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় স্থানীয়দের উদ্বেগও বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজারের পূর্বপাশে কাকলি ক্লাব সংলগ্ন এলাকায় সাগর উপকূল থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে ড্রাম ট্রাকে করে এনে মহাসড়কের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। এতে মহাসড়কের একাংশ কার্যত দখল হয়ে পড়েছে। যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। সরজমিনে দেখা গেছে, মহাসড়কের পাশে বড় বড় বালুর সূ্তুপের পাশে কয়েকটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এসব ট্রাকে নিয়মিত বালু এনে সেখানে ফেলা হচ্ছে। ফলে দ্রুতগতিতে চলাচলকারী যানবাহনকে ঝুঁঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে বালুর স্তুূপ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গেছে। এদিকে, বাজারের উত্তরপাশে পূর্বদিকে বড়ুয়া বাড়ি সংলগ্ন এলাকায় মহাসড়কের কাছেই ইটের স্তুূপ করে বিক্রি করা হচ্ছে। এতে সড়কের জায়গা সঙ্কুচিত হয়ে পড়ছে এবং পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩-৪ মাস ধরে মহাসড়কের পাশে এভাবে অবৈধভাবে বালু এনে স্তুূপ করে রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কার্যকর ব্যবস্থা নেয়নি। সামনে ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় তারা সম্ভাব্য দুর্ঘটনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে বালু ও ইট স্তুূপ করে রাখার বিষয়টি খতিয়ে দেখে দু’একদিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের দাবি, এ ব্যাপারে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সীতাকুণ্ডে মহাসড়ক ঘেঁষে অবৈধ বালু ও ইটের স্তূপ, দুর্ঘটনার শঙ্কা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
