ফের আলোচনায় পরীমনি

ফের আলোচনায় পরীমনি

ফন্ট সাইজ:

ফের আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এবার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী। মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তিনি এমন অভিযোগ করেন। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামক অনুষ্ঠান শেষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন বলে দাবি তার। ঘটনাটিকে পরিকল্পিত বলেও মনে করছেন এই অভিনেত্রী। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান পরীমনি। তার অভিযোগ, গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষে হঠাৎ এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।

পরিস্থিতির কারণে গাড়িতে উঠতে না পেরে অনুষ্ঠানস্থলের পেছনের অংশে বসে থাকতে হচ্ছে বলেও জানান তিনি। পরীমনি বলেন, বাধ্য হয়ে গুলশান থানায় ফোন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। লাইভে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার অভিযোগও করেন অভিনেত্রী। ঘটনার জন্য ইয়োলো জার্নালিজম চর্চাকারীদের দায়ী করেন তিনি। তার ভাষায়, যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তারাই এমন পরিস্থিতি তৈরি করেছেন। কারও সঙ্গে কোনো বিরোধ থাকলে সরাসরি বসে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেয়ার আহ্বানও জানান তিনি। এরপর আরও কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। এর একটিতে তাকে সাদা রংয়ের একটি গাড়িতে উঠতে দেখা যায়। এ সময় সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসার জন্য বলেন তিনি। পরে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। লাইভের ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা যায়।

এদিকে অনুষ্ঠানে পরীমনি যখন মঞ্চে আসেন, তখন একদল ভুয়া ভুয়া রব তোলেন সেখানে। সে সময় পরীমনি তাদের উদ্দেশ্যে স্টেজ থেকেই মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন। এ ঘটনার পর থেকেই সাংবাদিক ও ইউটিউবারদের একটি অংশ পরীমনির গাড়ি আটকে দিয়ে তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেন। মূলত তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরীমনি এ ঘটনা প্রসঙ্গে গতকাল ফেসবুক পোস্টে লিখেছেন, কি ভয়ঙ্কর পরিকল্পনা এদের! এরা আসলে কারা! এরা সাংবাদিক নামে সন্ত্রাসী করছে। এরা শুধুই সন্ত্রাসী। এই মব চলতে দিয়েন না আপনারা আর। এবার কথা বলবেন আশা করছি যারা সত্যিকারের সাংবাদিকগণ রয়েছেন।