জাহ্নবী কাপুরের নাকের অস্ত্রোপচার নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এবার বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন না অভিনেত্রী। নিজের অস্ত্রোপচারের কথা স্বীকার করে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া এবং সৌন্দর্যচর্চায় মায়ের প্রভাব নিয়েও খোলামেলা কথা বলেছেন।
এমনকি মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা। তবে সিনেমায় নাম লেখানোর কয়েক মাস আগেই না ফেরার দেশে পাড়ি জমান তার মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তিনি চাইতেন না, মেয়ে তার মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন। এ অভিনেত্রী জানান, একদিন মাকে নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন। মেয়ের এমন সিদ্ধান্ত শুনে প্রথমে বেশ অবাক হয়েছিলেন শ্রীদেবী।
পরে সম্মতি জানিয়ে বলেছিলেন, ঠিক আছে— তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে! মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের নাকের অস্ত্রোপচারের কথা সামনে আনেন জাহ্নবী। তিনি বলেন, আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!
