পরিবারের সঙ্গেই মিমের বিশেষ দিন

পরিবারের সঙ্গেই মিমের বিশেষ দিন

ফন্ট সাইজ:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। বহু নাটকে, টেলিফিল্মে অভিনয় করে দর্শকের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। কিন্তু একটা সময় এসে মিম সিদ্ধান্ত নিলেন, তিনি শুধু সিনেমাতেই অভিনয় করবেন। নিজের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাস রেখে শুধুই সিনেমাতে অভিনয় করে যেতে লাগলেন। একসময় সিনেমাতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হলেন। বর্তমানে চলচ্চিত্রেই যত ব্যস্ততা তার। এই ব্যস্ততার ফাঁকেই মিম গত ক’দিন ধরে স্বামী সনিকে নিয়ে থাইল্যান্ডে বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন, আমি আর সনি থাইল্যান্ডের বিভিন্ন শহরে নিজেদের মতো করে ঘুরে বেড়িয়েছি, সময় কাটিয়েছি। মূলত আমার জন্মদিন উপলক্ষেই নিজেদের ব্যস্ততার ফাঁকে ঘুরতে আসা। তবে বিশেষ দিনটি আজ পরিবারের সঙ্গেই কাটবে। যে কারণে আজই আমি আর সনি ঢাকায় ফিরবো। প্রতিবারের মতো এবারো যথারীতি পরিবারের মানুষ এবং কিছু প্রিয় মানুষদের সঙ্গে জন্মদিনের সময় কাটবে। আমি সবার কাছে আশীর্বাদ চাই ঈশ্বর যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এদিকে মিম ‘লাক্স’, ‘জেসিএক্স ডেভেলপমেন্ট লি.’, ‘ক্ল্যাসিকেল হোম টেক্স ইন্ডা. লি.’, ‘ইউনিসেফ বাংলাদেশ’, ‘বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড’,‘ওরিক্স ফেব্রিকস কেয়ার’,‘ওয়ালটন’,‘সেইলর’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন নিয়মিত।

তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ছিল ওয়েবফিল্ম ‘লাইফলাইন’। এরই মধ্যে তিনি শেষ করেছেন আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার। এতে তার সহশিল্পী শরিফুল রাজ ও মোস্তাফিজুর নূর ইমরান।