ঝিনাইদহে কৃষক দল নেতার লাশ নিয়ে বিক্ষোভ, স্ট্রোকে মৃত্যু দাবি জামায়াতের

ফন্ট সাইজ:

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে শনিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে ঝিনাইদহ জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। সেসময় জেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মজিদ বলেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কৃষক দল নেতা তরু মুন্সীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে তার মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই। দ্রুত আসামিদের আটক করে বিচার করা না হলে আমরা এই হত্যাকারীদের বিরুদ্ধ ব্যবস্থা নিতে বাধ্য হবো। এদিকে তরু মুন্সীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি করেছে জামায়াত। শনিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে সদর উপজেলা জামায়াতের থানা আমীর ড. মো. হাবিবুর রহমান বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিল ছিল। সেখানে বিএনপি’র লোকজন গিয়ে নারীদের মারধর করে। যে কারণে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তরু মুন্সীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে উল্লেখ করে ড. হাবিবুর রহমান বলেন, তরু মারামারির কারণে আতঙ্কগ্রস্ত হয়ে স্ট্রোক করেন। যে কারণে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন। উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারীকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কৃষক দল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে রাত ৮টার দিকে মারা যান তরু। নিহত তরু ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন