সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, একসময় সুরমা নদী ছিল স্বচ্ছ ও প্রাণবন্ত। কিন্তু বর্তমানে পলিথিনসহ বিভিন্ন ধরনের আবর্জনায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। শনিবার দুপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সুরমা রিভার ওয়াটারকিপার সিলেটের উদ্যোগে সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় আয়োজিত ‘সুরমার দূষণ’ শীর্ষক আর্ট ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, নগরের প্রতিটি মানুষ যদি দায়িত্বশীল আচরণ না করেন, তাহলে সিটি করপোরেশন সকাল-বিকাল পরিষ্কার করেও শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না। এ জন্য নগর জুড়ে সচেতনতা কার্যক্রম চালু করা হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে এবং অন্যদেরও সচেতন করতে ভূমিকা রাখতে পারে। সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরার ধরা সিলেটের সদস্য সচিব আব্দুল করিম চৌধুরী কিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, পরিবেশকর্মী এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী এবং এডভোকেট গোলাম সোবহান চৌধুরী প্রমুখ।
সুরমা নদী রক্ষায় সচেতন হতে হবে: সিলেট সিটি প্রশাসক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
