সিলেট জেলা ও মহানগর বিএনপি’র শোভাযাত্রা

ফন্ট সাইজ:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি দিক-পরিবর্তনকারী দিন। সেদিন সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিল। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিশাল এই শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন। সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।