আলোরকোল সমুদ্র সৈকত থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও বনবিভাগ। গতকাল রাত সাড়ে ৯টায় দুবলার আলোরকোলে সাগর তীর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকৃত পর্যটকের লাশ শরণখানা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড ও বনরক্ষীরা। নিহত পর্যটক রিয়াজ ময়মনসিংহের ভালুকা পৌরসভার আবুল বাশার ঢালীর ছেলে। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার রবিউল ইসলাম এ প্রতিবেদককে মোবাইল ফোনে জানান, ৩৬ ঘণ্টা তল্লাশি করে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, রিয়াজ তার ১০ বন্ধুকে নিয়ে গত শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে একটি ইঞ্জিনচালিত বোটে করে শুক্রবার বেলা ২টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে পৌঁছায়। আলোরকোল সমুদ্র সৈকতে তিন বন্ধু মিলে গোসলে নেমে সাগরের পানিতে ডুবে নিখোঁজ হন রিয়াজ। জেলেপল্লী দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড ও বনবিভাগের মাধ্যমে শরণখোলা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, নিহতের ভাই আকাশ ঢালী মরদেহ নেয়ার জন্য শরণখোলা এসেছেন। তার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।