চুয়াডাঙ্গার দামুড়হুদায় তামাক ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় জোবেদা খাতুন (৪৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের একটি তামাক ক্ষেতের ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারী দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে জোবেদা ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে ইফতারের সময় হয়ে গেলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একটি তামাক ক্ষেতে হাত-মুখ বাঁধা ও এলোপাতাড়ি কোপানো অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন মাঠে কাজ করার সময় পরিচিত এক বা একাধিক ব্যক্তি এই নারীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানির ভয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) জানান, আপাতত এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
দামুড়হুদায় তামাক ক্ষেত থেকে হাত পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
