হামজা-ফারহান ঢাকায় আসছেন কাল

হামজা-ফারহান ঢাকায় আসছেন কাল

ফন্ট সাইজ:

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় পেলেও সেরা একাদশ সাজাতে খুব স্বস্তিতে ছিলেন না বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। ইনজুরি সমস্যা তো আছেই, এর সঙ্গে দলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীর অনুপস্থিতিও ভোগাচ্ছে দলকে। তবে অপেক্ষার অবসান হচ্ছে শিগগিরই। আগামীকাল (সোমবার) ঢাকায় আসছেন হামজা। একই দিনে দলের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ডের লীগের আরেক বাংলাদেশি ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। গতকাল বিকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও মিডফিল্ডার শেখ মোরসালিন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিরুল ইসলাম জানান, ফিফা উইন্ডোসহ বিভিন্ন কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে না পারা দুই ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ ৯ই নভেম্বর ঢাকায় পৌঁছাবেন। সেদিনই তাদের অনুশীলনে যোগ দেয়ার আশা করছেন তিনি। প্রথম ম্যাচে ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি শেখ মোরসালিনের। তবে পরের ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী এই মিডফিল্ডার। হামজা ও ফারহান যোগ দিলে দলের শক্তি ও আত্মবিশ্বাস দুটিই বাড়বে বলে মনে করেন আবাহনীর এই ফুটবলার।

মোরসালিন বলেন, ‘আমরা অবশ্যই এ নিয়ে খুব আশাবাদী। হামজা ভাই ও ফারহান এলে দলের যে স্পিরিট আছে, আশা করছি সেটি আরও বাড়বে, ইনশাআল্লাহ।’ এদিকে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকলেও ওয়ার্মআপের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার সর্বশেষ অবস্থা জানিয়ে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বলেন, ‘বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তাহলে তাকে খেলাতে পারেন।’