সাফের দু’টি ম্যাচের টিকিটের মূল্যে অর্ধেক ছাড়

সাফের দু’টি ম্যাচের টিকিটের মূল্যে অর্ধেক ছাড়

ফন্ট সাইজ:

সাফে চ্যাম্পিয়নশিপে আজ দু’টি ম্যাচ মাঠে গড়াবে। বিকাল সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে মালদ্বীপ। রাত ৮টায় শ্রীলঙ্কা খেলকে ভুটানের বিপক্ষে। এই দু’টি ম্যাচের টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় দিয়েছে সাফের আয়োজক কমিটি। সাফের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে তেমন দর্শক উপস্থিতি দেখা যায়নি। তবে বাংলাদেশ-ভুটান ম্যাচে গ্যালারিতে বসে প্রায় সাড়ে ১২ হাজার দর্শক খেলা দেখেন। জাতীয় স্টেডিয়ামের মোট আসন সংখ্যার প্রায় অর্ধেক। টুর্নামেন্টে দর্শক সংখ্যা বৃদ্ধি করতে আজকের দুটি ম্যাচের টিকিটের দাম কমানো হয়েছে। টিকিট নিয়ে আয়োজক সত্ত্ব পাওয়া টিএসএর সজীব গতকাল গণমাধ্যমকর্মীদের এমনটা জানান।

আয়োজকদের পক্ষ থেকে সজীব জানান, ‘টুর্নামেন্টের দ্বিতীয় দিনে তথা রোববার অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচ- শ্রীলঙ্কা বনাম ভুটান এবং পাকিস্তান বনাম মালদ্বীপ-এর টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। আয়োজকদের আশা, এই ছাড়ের মাধ্যমে আরও বেশি দর্শক মাঠে এসে খেলা উপভোগ করতে পারবেন।’ আগামী ১১ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিটের দাম কমানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এ প্রসঙ্গে সজীব বলেন, ‘এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমার কাছে আসেনি, আসলে অবশ্যই জানিয়ে দিবো।’