সাফের মাঝপথে ফুটবলার ফিরিয়ে নিচ্ছে ভারত

সাফের মাঝপথে ফুটবলার ফিরিয়ে নিচ্ছে ভারত

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় সাফ চ্যাম্পিয়নশিপে জন্য ঢাকায় পূর্ণশক্তির দল পাঠায়নি ভারত। দলের বেশির ভাগ সদস্যই অনূর্ধ্ব-২৩ দলের। এ দল নিয়ে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে সাফে খেলা তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরের দলে রেখে গত শুক্রবার স্কোয়াড ঘোষণা করেন হেড কোচ খালিদ জামিল। সাফের মাঝপথে ঢাকা ছাড়বেন তিন ভারতীয় ফুটবলার। তারা হলেন- বিজয় ভার্গিস, মোহাম্মদ সুহাইল ও লিস্টন কোলাসো। এছাড়া সাফের দল থেকে ছাড়পত্র পেয়েছেন মুম্বই সিটি এফসিতে খেলা তিন ফুটবলার। তারা হলেন- ফারুখ চৌধুরী, নওফল পিএন ও হিমথানমাউইয়া রালতে। দ্রুতই ক্লাবে ফিরবেন তারা। আর চোটের কারণে ঢাকায় আসা হচ্ছে না রনি খারবুদোনের। তাদের বিকল্প ফুটবলারের নাম ঘোষণা করেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শিরোপাধারী ভারত সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায়। জোড়া গোল করেন সুহাইল আহমদ ভাট।
গ্রুপের শেষ ম্যাচে ১১ই নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ই নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে দুপুর ১২টায় প্রথম প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর ১৫ই নভেম্বর ক্রাইস্টচার্চের ওয়ান
নিউজিল্যান্ড স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। এ সিরিজ খেলতে ৯ই নভেম্বর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে ভারতীয় দল। এ সফরে দলে আছেন তিন গোলরক্ষক (হৃতিক তিওয়ারি, সোম কুমার, বিশাল কাইথ), আট ডিফেন্ডার, ছয় মিডফিল্ডার ও ছয় ফরোয়ার্ড। ফরোয়ার্ডদের মধ্যে আছেন ডেভিড লালহলানসাঙ্গা, এডমন্ড লালরিন্দিকা, লিস্টন কোলাসো, মানবীর সিং, মুহাম্মদ সুহাইল ও রায়ান উইলিয়ামস। নিউজিল্যান্ড সফর নিয়ে কোচ জামিল বলেন, ‘নিউজিল্যান্ডও বিশ্বকাপে খেলা একটি দল। তারা শক্তিশালী প্রতিপক্ষ। দেশের বাইরে এই দুটি ম্যাচ আমাদের জন্য ভালো পরীক্ষা হবে। আমরা ভালো প্রস্তুতি নিতে চাই, শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলতে চাই এবং দল হিসেবে নিজেদের উন্নতির সুযোগ কাজে লাগাতে চাই।’ ফিফা র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ৮৮তম, ভারত ১৩৮তম। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে বেঙ্গালুরুতে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। এরপর ব্রাজিলের কাছে হেরেছিল ৪-০ ও উরুগুয়ের কাছে ৬-১ গোলে।