আমাদের এবার ট্রফিটা নিতেই হবে: মোরসালিন

আমাদের এবার ট্রফিটা নিতেই হবে: মোরসালিন

ফন্ট সাইজ:

তিন বছর আগে ভারতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ৩৫ সদস্যের প্রাথমিক দলে ডাক পান শেখ মোরসালিন। পরে ২৩ সদস্যের দলেও তাকে রাখেন সাবেক কোচ হ্যাভিয়ের কাবরেরা। টুর্নামেন্টে চার ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট করেন। সেইবার সাফে তৃতীয় হয় বাংলাদেশ। এবার ঘরের মাঠে সাফের মঞ্চ কাঁপাচ্ছে লাল-সবুজ প্রতিনিধিরা। হামজা-শমিতদের নিয়ে সমর্থকদের প্রত্যাশাও একটু বেশি। মিডফিল্ডার মোরসালিনও দেখছেন বড় স্বপ্ন। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা জেতার লক্ষ্য ২১ বছর বয়সী ফুটবলারের। গতকাল এজিবি স্পোর্টস সিটিতে অনুশীলনের আগে মোরসালিন বলেন, এবারই সাফের শিরোপা জিততে চান। মোরসালিন বলেন, ‘গত সাফ থেকে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর আমরা সাফের ট্রফি নিতে পারি নাই। আমি মনে প্রাণে চেয়েছি নেক্সট (এবার) সাফে ট্রফি নিতে চাই। আমাদের এবার ট্রফিটা নিতেই হবে। ঘরের মাঠে খেলা, আমাদের দারুণ একটা সুযোগ।’ ভুটানের বিপক্ষে জ্বরের কারণে খেলতে পারেননি মোরসালিন। পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফেরার আশা তার। মোরসালিন বলেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারবো।’ ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি জামাল ভূঁইয়ার দল। অবশ্য ম্যাচে বেশি গোল না হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখেছেন মোরসালিন। তিনি বলেন ,‘একদিক থেকে আমি মনে করি, ভালোই হয়েছে। অনেক সময় বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে (হাসি)। তেমন কিছুর সুযোগ নেই। আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত।’ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১১ই নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের সমীহ করছেন মোরসালিন। তার চোখে, এবারের শ্রীলঙ্কা দল বেশ ভালো। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সতর্ক থেকে মাঠে নামতে চায় বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন মোরসালিন। তিনি বলেন, ‘অবশ্যই, যেহেতু আমরা শুরুটা ভালো করেছি। আশা করছি সেকেন্ড ম্যাচও আমরা জিতবো। শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না। আমাদের আত্মবিশ্বাস আছে। জয়ের জন্যই আমরা খেলবো।’ বাংলাদেশ দলে নাম্বার নাইন নিয়ে সমস্যা দীর্ঘদিনের। এই পজিশনে যারা খেলছেন, কেউই গোল করতে পারছেন না। ডিফেন্ডার হিসেবে পরিচিত বিশ্বনাথ ঘোষকে ভুটান ম্যাচে নাম্বার নাইন পজিশনে খেলিয়েছেন কোচ টমাস ডুলি। ফরোয়ার্ডদের গোল না পাওয়া নিয়ে কতটা চিন্তিত মোরসালিন? উত্তরে এ মিডফিল্ডার বলেন, ‘ ওরকম কিছু না। অনেকদিন ধরে এটি বাংলাদেশ দলের সমস্যা। এটা সবাই জানে। কোচ যেখানে সুযোগ দেবেন, সেখানেই খেলতে হবে। বিশ্বনাথ তার জায়গা থেকে সেরাটা দিয়েছে।’ জাতীয় দলের হয়ে ২৬ ম্যাচে ৭ গোল করেছেন মোরসালিন। ২০২৫ সালে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারায় বাংলাদেশ। দেশের জার্সিতে এটি মোরসালিনের শেষ গোল।