পানিসম্পদ মন্ত্রী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন- বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কীভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লাখ লাখ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে এবং চলমান কাজগুলো দ্রুত শেষ করা হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন-আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য কাজ করছি। নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরন ও মান কেমন হবে তা সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো। পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। বাঁধের কাজ শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন থেকে সবার সহযোগিতা নিয়ে এ বাঁধের কাজ শেষ করবো আমরা। এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
যাদের কারণে প্রকল্পে দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পানিসম্পদ মন্ত্রী
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
