শামা ওবায়েদের নাম ব্যবহার করে সরকারি দপ্তরে তদবির বন্ধে চিঠি

শামা ওবায়েদের নাম ব্যবহার করে সরকারি দপ্তরে তদবির বন্ধে চিঠি

ফন্ট সাইজ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নাম ব্যবহার করে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথায় সরকারি দপ্তরে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে সে জন্য চিঠি দেয়া হয়েছে। চিঠিতে শামা ওবায়েদ উভয় উপজেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন। শুক্রবার জারি করা ওই নির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেয়ার চেষ্টা করতে পারে-এমন অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি যদি তার নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেয়ার চেষ্টা করেন, তাহলে তা গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।

নগরকান্দা ও সালথা উপজেলার প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও এই সতর্কবার্তার অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ওসি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব-রেজিস্ট্রার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন। শামা ওবায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ সতর্কতা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন