চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি মুদি দোকান, তিনটি ব্যাটারিচালিত রিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী আম্বারাবাড়ি দোকান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে নুরুল হুদার দোকানে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দোকানের মালামাল ও পাশে রাখা যানবাহনে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানের ফ্রিজ, টেলিভিশনসহ সব মালামাল পুড়ে যায়।
পাশাপাশি একটি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি ব্যাটারিচালিত রিকশাও আগুনে ভস্মীভূত হয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকান ও যানবাহনগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুল হুদা বলেন, ঈদকে সামনে রেখে দোকানে নতুন মালামাল তুলেছিলাম। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, এখন বড় বিপদে পড়েছি। মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ততক্ষণে একটি দোকান ও চারটি যানবাহন পুড়ে যায়।
