জুলাই গণ-অভ্যুত্থানে লুট, ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট করা ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোবহান রাজধানী লাগুয়া সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকার মো. মর্তুজা আলীর ছেলে। পুলিশের দাবি, গণ-অভ্যুত্থানের সময় পুলিশের স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবির ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। এ সময় সোবহানকে আটক করে তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিয়ে নিজের কাছে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবককে দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।