তারাকান্দায় মডেল কাকনী গড়তে বাবুকে চায় ইউনিয়নবাসী

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩ নং কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় ছায়েদুর রহমান খান বাবু। তিনি কাকনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মজিদ খানের নাতি। দাদার সততা, জনপ্রিয়তা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে এলাকায় খান পরিবারের প্রতি মানুষের আস্থা এখনো অটুট। সেই ধারাবাহিকতায় বাবুর প্রতি আস্থা রাখছেন ইউনিয়নের সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, বাবু একজন শিক্ষিত, ভদ্র, সৎ ও জনবান্ধব মানুষ। আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চায় কাকনী ইউনিয়নের সর্বস্তরের জনগণ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাকনী ইউনিয়নে মাদকের বিস্তার বাড়ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকসহ সচেতন মহল। এই অবস্থা থেকে উত্তরণে একজন সাহসী ও সৎ নেতৃত্ব দরকার বলে মনে করেন তারা। চেয়ারম্যান পদপ্রার্থী বাবু মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী কাজে সম্পৃক্ত করে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত কাকনী ইউনিয়ন গড়তে চান তিনি। এ ছাড়া রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সকল সেবা স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন তিনি।