চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর

ফন্ট সাইজ:

চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।