আলভারেজের পুরনো প্রেমের ‘বিশেষ’ পরীক্ষা

আলভারেজের পুরনো প্রেমের ‘বিশেষ’ পরীক্ষা

ফন্ট সাইজ:

স্প্যানিশ ফুটবলের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব। লা লিগার শীর্ষ দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। অর্থাৎ, বার্সার জন্য ম্যাচটি পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখার লড়াই। অন্যদিকে, জয় তুলে নিতে পারলেই চূড়ায় আরোহণ করবে মাদ্রিদের ক্লাবটি। পাশাপাশি ম্যাচটি ঘিরে বাড়তি আকর্ষণ হুলিয়ান আলভারেজকে নিয়ে। যে দলে যোগ দিতে একসময় মরিয়া ছিলেন, সেই দলটির বিপক্ষেই অ্যাটলেটিকোর জার্সিতে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অ্যাটলেটিকো সভাপতি এনরিকে সেরেসোর মতে, আজ রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি আলভারেজের জন্য ‘বিশেষ’।
দিয়েগো সিমিওনের দল এবার শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে। পয়েন্ট। লীগে টানা সাত জয়ের পাশাপাশি রক্ষণেও দুর্দান্ত তারা। এখন পর্যন্ত তাদের গোল হজম মাত্র আটটি, যা লীগের সেরা রক্ষণাত্মক রেকর্ড। সর্বশেষ লীগ ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে লস রোহিব্লাঙ্কোসরা। তবে চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের কাছে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হেরে কিছুটা চাপ নিয়েই কাতালানদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকেরা।
অন্যদিকে গোলের বন্যা বইয়ে দিচ্ছে হান্সি ফ্লিকের দল। ১১ ম্যাচে ৪৬ গোল করেছে বার্সা, যা অ্যাটলেটিকোর গোলসংখ্যা ২২-এর দ্বিগুণেরও বেশি। আলাভেসের বিপক্ষে সর্বশেষ লীগ ম্যাচে ৬-১ গোলের বড় জয়ের পর চ্যাম্পিয়নস লীগে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। যদিও পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হারের ধাক্কা সামলাতে হয়েছে ফ্লিকের দলকে। বার্সার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে ম্যাচের শুরুতে গোল করার প্রবণতা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে লীগ ও চ্যাম্পিয়নস লীগ মিলিয়ে ১৫ ম্যাচের আটটিতেই প্রথম ১০ মিনিটের মধ্যে গোল করেছে তারা। গেটাফের বিপক্ষে দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডন, ফেইনুর্দের বিপক্ষে তৃতীয় মিনিটে রাফিনহা এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে পঞ্চম মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। অ্যাস্টন ভিলার বিপক্ষেও সপ্তম মিনিটে লক্ষ্যভেদ করেন এই তরুণ তারকা। ক্যানসেলো ও রাফিনহা অষ্টম মিনিটে এবং ইয়ামাল দশম মিনিটেও গোল করেছেন। অর্থাৎ, শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলার অভ্যাস গড়ে তুলেছে বার্সা। অ্যাটলেটিকোর জন্য তাই প্রথম কয়েক মিনিট হতে পারে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই ম্যাচে আলভারেজকে ঘিরে আলাদা আবেগও রয়েছে। গত কয়েক মাসে বার্সায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে আলোচনায় আসেন তিনি। কাতালানরা তাকে দলে নিতে চেষ্টাও চালায়। তবে মাদ্রিদের ক্লাবটি তাকে ছাড়তে রাজি হয়নি। বিষয়টি নিয়ে দুই ক্লাবের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। পরে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন আলভারেজ। এবার সেই বার্সার বিপক্ষে গোল করে অ্যাটলেটিকোকে জেতানোর চ্যালেঞ্জ তার সামনে। অ্যাটলেটিকো সভাপতি সেরেসো মনে করেন, বিষয়টি নিয়ে আলভারেজের ওপর বাড়তি চাপ দেয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘তার (আলভারেজ) জন্য ম্যাচটি খুবই বিশেষ হতে যাচ্ছে। তবে আমার মতে, সে ইতোমধ্যে ক্ষমা চেয়েছে। সে স্বীকার করেছে যে ভুল করেছে। এখন তার শুধু নিজের খেলাটা খেলতে হবে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে হবে।’ অ্যাটলেটিকো গত মৌসুমের চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালে বার্সাকে বিদায় করলেও, লীগে তাদের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে। অন্যদিকে ২০২১ সালের অক্টোবরের পর থেকে লীগে তাদের মাঠে হারেনি বার্সা। চোটের কারণে অ্যাটলেটির ডাগআউটে ক্রিস্তিয়ান রোমেরো ও জনি কারদোসো দেখা যাবে না, ফিরতে পারেন মর্তেন ইউলেমান। আক্রমণভাগে আলভারেজের সঙ্গে লি কাং-ইনকে দেখা যেতে পারে। বার্সার চোটের তালিকায় রয়েছেন দানি ওলমো, রুনি বার্দগি ও জাভি এসপার্ত। এরিক গার্সিয়া, জুল কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অ্যাস্টন ভিলার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়া রদ্রিও থাকছেন না। ফলে মাঝমাঠে পেদ্রির সঙ্গী হতে পারেন মার্ক বার্নাল। আক্রমণে ইয়ামাল, রাফিনহা ও গর্ডনের খেলার সম্ভাবনা রয়েছে।